ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মশা দিয়েই হবে মশা দমন, বিজ্ঞানীদের নতুন গবেষণায় আশার আলো

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতি বছরই বিশ্বে কোটি কোটি মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশেও বাড়ছে এ নিয়ে শঙ্কা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে ৩ হাজার ৩১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। একই সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬০ জন। অন্যদিকে চিকুনগুনিয়ার হালনাগাদ পরিসংখ্যান না থাকলেও গত বছর ঢাকা ও চট্টগ্রামে কয়েক হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছিলেন। বর্ষা মৌসুমে এসব রোগের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় মশা নিয়ন্ত্রণে নতুন নতুন উপায় খুঁজছেন বিজ্ঞানীরা। আর সেই চেষ্টার অংশ হিসেবে এবার মশার বিরুদ্ধে লড়াইয়ে নামানো হচ্ছে মশাকেই।

বিজ্ঞানীরা এমন এক অভিনব কৌশল নিয়ে কাজ করছেন, যেখানে রোগ ছড়ানো স্ত্রী মশার বিরুদ্ধে ব্যবহার করা হবে বিশেষ ধরনের পুরুষ মশা। এই পুরুষ মশাগুলোর শরীরে থাকবে একটি উপকারী জীবাণু, যা স্ত্রী মশার শরীরে প্রবেশ করে রোগ ছড়ানোর ক্ষমতা কমিয়ে দিতে পারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঞ্চলে পরীক্ষামূলকভাবে প্রায় ৩ কোটি ২০ লাখ বিশেষ পুরুষ মশা ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব মশা মানুষের রক্ত খায় না। তারা ফুল ও উদ্ভিদের রস খেয়েই বেঁচে থাকে।

আরও পড়ুন

গবেষকদের মতে, স্ত্রী মশাই মূলত মানুষকে কামড়ায় এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ায়। তাই তাদের নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য। বিশেষ জীবাণুবাহী পুরুষ মশা স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে ওই জীবাণু স্ত্রী মশার শরীরেও ছড়িয়ে পড়ে। ফলে অনেক ক্ষেত্রে তাদের ডিম উৎপাদনের ক্ষমতা কমে যায়। আবার জন্ম নেওয়া নতুন প্রজন্মের মশার মধ্যেও রোগ ছড়ানোর ক্ষমতা হ্রাস পায়।

বিজ্ঞানীরা বলছেন, এই জীবাণুর নাম ওলবাকিয়া। এটি প্রকৃতিতেই বিদ্যমান একটি জীবাণু। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মশার শরীরে এই জীবাণু থাকলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার জীবাণু সহজে বংশবিস্তার করতে পারে না।

বিশেষজ্ঞদের ধারণা, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই পদ্ধতি ব্যবহার করা গেলে কোনো অঞ্চলে মশা পুরোপুরি না কমলেও রোগ ছড়ানোর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের আরও কয়েকটি দেশেও এ ধরনের উদ্যোগ নিয়ে কাজ চলছে।

বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে এই ‘মশা দিয়ে মশা দমন’ পদ্ধতি নতুন আশার দ্বার খুলে দিতে পারে। তবে এটি কতটা কার্যকর হবে, তা নিশ্চিত হতে আরও গবেষণা ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথমবারের মতো বাজারে এলো জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, নিজেই নিতে পারবেন নারীরা
দেশে প্রথম বারের মতো বাজারে এলো নারীদের জন্যে নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। নারীদের জন্মনিয়ন্ত্রণের সহজ সুবিধার জন্যে এই ইনজেকশন বাজারে এনেছে ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’। প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ইনজেকশন নেওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে এই ইনজেকশন নিজেই শরীরে পুশ করতে পারবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিক অনুষ্ঠানে ‘মেডোজেন সাবকিউ’ নামের এই ইনজেকশন বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। ইনসেপ্টার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের এটিই বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। একই সঙ্গে ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের এটিই প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন। প্রতি তিন মাসে একবার বা ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ত্বকের নিচে এই ইনজেকশন নিতে হয়। এতে ঘনঘন স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। ফলে নারীরা সহজে ও সুবিধাজনকভাবে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।  কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজ ইনজেকশনের দাম ৫৫০ টাকা। প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এ পদ্ধতিতে ব্যয় ৫.৫২ গুণ কম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে।  তিনি বলেন, নারীরা সাধারণত এমন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করতে পারেন। আরটিভি/এসআর
প্রথমবারের মতো বাজারে এলো জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, নিজেই নিতে পারবেন নারীরা
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
মাছ খেতে ভালোবাসেন? তা হলে সাবধান! শুধু বাঁধাকপি বা ফুলকপির মতো সবজিতেই নয়, বিভিন্ন প্রজাতির মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা ঠিকমতো রান্না না করা মাছ খেলে শরীরে প্রবেশ করতে পারে এই পরজীবী। পরে মানুষের অন্ত্রে বাসা বেঁধে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা। এমনকী দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর অভাবও।  তাই মাছ খাওয়ার আগে জানা জরুরি, কোন কোন মাছে থাকতে পারে এই পরজীবী এবং কীভাবে রান্না করলে এড়ানো যাবে সংক্রমণের ঝুঁকি। মাছের ফিতাকৃমি কতটা বিপজ্জনক? মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানো বৃহত্তম ফিতাকৃমিগুলির মধ্যে অন্যতম। সংক্রমিত মিষ্টি জলের মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। দৈর্ঘ্যে এটি ৩০ ফুট পর্যন্ত হতে পারে। শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে কী কী লক্ষণ দেখা যায়? অনেক ক্ষেত্রে সংক্রমণের পরেও কোনও উপসর্গ দেখা যায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২-এর শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি এবং রক্তাল্পতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অন্ত্রে বাধা তৈরি হওয়ার মতো জটিলতাও হতে পারে। কোন কোন মাছে থাকতে পারে ফিতাকৃমি? পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, অপর্যাপ্ত রান্না করা বা সংক্রমিত মাছ খেলে শরীরে পরজীবী প্রবেশের আশঙ্কা থাকে। বাংলার পরিচিত কয়েকটি মাছের মধ্যে রয়েছে, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরা। এ ছাড়াও ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো বিভিন্ন মাছেও পরজীবী থাকার ঝুঁকি থাকতে পারে। স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে মনে রাখতে হবে, কোনও নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে, এমন নয়। মাছের উৎস, পরিবেশ এবং সংরক্ষণ পদ্ধতির উপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে। ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন মাছ? মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা নষ্ট করতে সঠিক তাপমাত্রায় হিমায়িত করা গুরুত্বপূর্ণ। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA-এর নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংসের জন্য মাছ হিমায়িত করার কয়েকটি পদ্ধতি রয়েছে- ১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা ৭ দিন মাছ সংরক্ষণ করতে হবে। ২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত হিমায়িত করে, সেই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে। ৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা সংরক্ষণ করতে হবে। তবে সাধারণ বাড়ির ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। মাছ রান্নার সময় কী কী সতর্কতা মেনে চলবেন? ফিতাকৃমির সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। FDA-এর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভিতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছনো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা মেপে নেওয়া যায়। মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে। শুধু বাইরে থেকে মাছের রং বদলে গেলেই সেটি সম্পূর্ণ রান্না হয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়। মনে রাখতে হবে মাছ পুষ্টিকর খাবার। ফিতাকৃমির ভয়ে মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত জায়গা থেকে মাছ কিনুন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং পর্যাপ্ত তাপে রান্না করে খান। তাহলেই পরজীবী সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসকে
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
পুষ্টিগুণে সমৃদ্ধ কাজুবাদাম শুধু সুস্বাদু খাবারই নয়, শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ম্যাগনেশিয়াম, তামা, জিঙ্ক, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পরিমিত পরিমাণে নিয়মিত কাজুবাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ ২৩ নভেম্বর জাতীয় কাজুবাদাম দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, নিয়মিত কাজুবাদাম খাওয়ার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাজুবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এসব অসম্পৃক্ত চর্বি যুক্ত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজুবাদাম খাওয়া মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও এই খনিজ প্রয়োজন। রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে কাজুবাদামে থাকা জিঙ্ক ও তামা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। অন্যদিকে তামা বিভিন্ন এনজাইমের কার্যক্রম এবং শরীরে আয়রন ব্যবহারে সহায়তা করে। হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামার প্রয়োজন হয়। কাজুবাদামে এসব খনিজ উপাদান থাকায় এটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে সহায়ক হতে পারে। শরীরে শক্তি জোগায় প্রোটিন, চর্বি ও শর্করার ভালো উৎস কাজুবাদাম। এসব পুষ্টি উপাদান শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এ ছাড়া কাজুবাদামের প্রোটিন পেশি ও শরীরের কোষের গঠন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি ধরে রাখতে সাহায্য করতে পারে। ফলে মাঝেমধ্যে ক্ষুধা লাগলে চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অল্প পরিমাণ কাজুবাদাম খাওয়া যেতে পারে। বিপাকীয় কার্যক্রম সচল রাখতে সহায়ক কাজুবাদামে থাকা তামা ও ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তামা শক্তি উৎপাদন ও আয়রন বিপাকে সহায়তা করে। অন্যদিকে ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। যেভাবে খাবেন কাজুবাদাম কাজুবাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি ওটস, দই, সালাদ, পোলাও কিংবা বিভিন্ন সবজির পদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। লবণ ও অতিরিক্ত তেল ছাড়া সাধারণ বা হালকা ভাজা কাজুবাদাম বেছে নেওয়া ভালো। তবে কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাদের কাজুবাদাম বা বাদামজাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, কাজুবাদাম কোনো রোগের প্রতিষেধক নয়। সুস্থ থাকতে একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র
মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
মশা তাড়াতে রসুনই গোপন অস্ত্র, গবেষণা