ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রসাধনী বাছাই ও ব্যবহারে যে ভুলগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
প্রসাধনী কেনার আগে পণ্যের উপাদান ও অনুমোদনের তথ্য যাচাইয়ে সতর্ক থাকুন, বিশেষ করে স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে।  ছবি: সংগৃহীত

অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এ মাসে স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হয়। এবারের মূল প্রতিপাদ্য—‘প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি পথচলাই গুরুত্বপূর্ণ’।

নারীদের দৈনন্দিন জীবনে প্রসাধনী ও সৌন্দর্যপণ্যের ব্যবহার খুবই সাধারণ। তবে এসব পণ্য কেনা ও ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতা থেকে ত্বক ও শরীরে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসার আশঙ্কা থাকে। কিছু রাসায়নিক শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়। তাই প্রসাধনী ব্যবহারে সচেতন হওয়া জরুরি।

রং ফরসাকারী ক্রিমে বাড়তি সতর্কতা

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কম দামে রং ফরসাকারী ক্রিম বিক্রি হতে দেখা যায়। এসব অনুমোদনহীন ও নিম্নমানের পণ্যে ক্ষতিকর রাসায়নিক থাকার আশঙ্কা থাকে। বিশেষ করে হাইড্রোকুইনোন ও পারদের মতো উপাদান ত্বকের ক্ষতি করতে পারে।

তাই শুধু কম দাম বা দ্রুত ফল পাওয়ার আশায় অপরিচিত উৎস থেকে রং ফরসাকারী ক্রিম কেনা উচিত নয়। পণ্যের উপাদান, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অনুমোদনের তথ্য যাচাই করে কেনা জরুরি।

চুলের প্রসাধনীতেও নজর দিন

চুলে রং করা বা চুল সোজা করার বিভিন্ন পণ্যে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকতে পারে। এসব উপাদানের কিছু শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তাই নিয়মিত চুলে রং বা চুল সোজা করার পণ্য ব্যবহার করলে পণ্যের উপাদান সম্পর্কে জানা এবং অনুমোদিত ও নির্ভরযোগ্য পণ্য বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।

নিম্নমানের লিপস্টিকেও ঝুঁকি

দাম কম হওয়ায় অনেকেই নিম্নমানের লিপস্টিক কিনে ব্যবহার করেন। কিন্তু কিছু নিম্নমানের প্রসাধনীতে সিসা বা অন্যান্য ভারী ধাতু থাকার আশঙ্কা থাকে। এসব উপাদানের দীর্ঘমেয়াদি সংস্পর্শ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

তাই লিপস্টিক বা ঠোঁটে ব্যবহারের অন্য কোনো প্রসাধনী কেনার সময় পরিচিত ও অনুমোদিত প্রতিষ্ঠানের পণ্য বেছে নেওয়া ভালো।

নখের রং ও বগলের প্রসাধনীতেও সতর্কতা

নখে ব্যবহারের রঙে থ্যালেটসের মতো রাসায়নিক থাকতে পারে। কিছু গবেষণায় এ ধরনের রাসায়নিকের দীর্ঘমেয়াদি সংস্পর্শ নিয়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে বগলে ব্যবহারের ঘামরোধী প্রসাধনীতে অ্যালুমিনিয়ামের লবণ থাকতে পারে। এসব উপাদান নিয়ে স্তন ক্যানসারের সঙ্গে সম্পর্কের নানা আলোচনা থাকলেও এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ নেই। তাই অপ্রয়োজনীয় ও অতিরিক্ত প্রসাধনী ব্যবহার না করাই ভালো।

প্রসাধনী কেনার সময় যা দেখবেন

যেকোনো প্রসাধনী কেনার আগে পণ্যের গায়ে থাকা উপাদানের তালিকা ভালোভাবে পড়ে নেওয়া উচিত। পণ্যে প্যারাবেন বা থ্যালেটস রয়েছে কি না, তা যাচাই করা যেতে পারে।

অতিরিক্ত সুগন্ধিযুক্ত পণ্যও এড়িয়ে চলা ভালো। কোনো পণ্যের উপাদানের তালিকায় শুধু সুগন্ধি বা সুগন্ধি তৈরির উপাদানের উল্লেখ থাকলে তা সম্পর্কে বাড়তি তথ্য জেনে নেওয়া উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনুমোদিত ও পরিচিত প্রতিষ্ঠানের পণ্য কেনা। কম দাম বা দ্রুত ফল পাওয়ার আশায় অনুমোদনহীন রং ফরসাকারী ক্রিম কিংবা অপরিচিত প্রসাধনী ব্যবহার না করাই নিরাপদ।

ক্যানসারে আক্রান্ত হলে প্রসাধনী ব্যবহারে আরও সতর্কতা

ক্যানসারে আক্রান্ত ব্যক্তি বা চিকিৎসার কারণে যাদের ত্বক ও চুলের সমস্যা হয়েছে, তাদের প্রসাধনী ব্যবহারে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। এ সময় ত্বক ও চুলে কড়া রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার না করাই ভালো।

প্রাকৃতিক বা ভেষজ লেখা থাকলেই কোনো পণ্য সম্পূর্ণ নিরাপদ—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। বাজারের অনেক তথাকথিত ভেষজ পণ্যেও বিভিন্ন রাসায়নিক ও সুগন্ধি থাকতে পারে। তাই পণ্যের উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

শ্যাম্পু ও চুলের পণ্য বাছাইয়ে সতর্কতা

ক্যানসারে আক্রান্ত ব্যক্তির জন্য শ্যাম্পু কেনার সময় কোমল উপাদানের পণ্য বেছে নেওয়া যেতে পারে। প্যারাবেন, সালফেট বা সিলিকনমুক্ত পণ্য বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

চুলের রং ফিরিয়ে আনার দাবি করে এমন শ্যাম্পু কিংবা চুলে রং করার শ্যাম্পু এ সময় ব্যবহার না করাই ভালো। তবে কোন পণ্য ব্যবহার করা যাবে, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা সবচেয়ে নিরাপদ।

ত্বকে কী ব্যবহার করবেন

ক্যানসারের চিকিৎসা ও ওষুধের কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কোমল উপাদান ব্যবহার করা যেতে পারে। টক দই, মধু, ওটস বা ওটের দুধ দিয়ে তৈরি প্যাক ব্যবহার করার কথা বলা হয়েছে।

তবে অ্যালোভেরার রস, লেবুর রস বা টমেটোর রসের মতো ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে এমন উপাদান এ সময় এড়িয়ে চলা ভালো। কোনো পণ্য বা উপাদান ব্যবহারের পর জ্বালাপোড়া, চুলকানি বা অস্বস্তি হলে সেটি ব্যবহার বন্ধ করতে হবে।

চুলের যত্নে সরলতাই ভালো

ক্যানসারের চিকিৎসা চলাকালে চুলে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার না করাই ভালো। চুল পরিষ্কার ও জটমুক্ত রাখার দিকে নজর দেওয়া উচিত।

এ সময় চুলে বিভিন্ন ধরনের ভেষজ প্যাক বা মেহেদি ব্যবহার করার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। কেউ কেউ শিশুর জন্য তৈরি শ্যাম্পু ও সাবান ব্যবহার করেন। তবে প্রাপ্তবয়স্কদের ত্বক ও চুলের জন্য এসব পণ্য সবসময় উপযোগী নাও হতে পারে।

তাই সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ত্বক ও চুলের জন্য নিরাপদ পণ্য বেছে নেওয়া উচিত।

চিকিৎসকের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ

ক্যানসারের চিকিৎসা চলাকালে ত্বক ও চুলের যত্নের বিষয়টি রোগের ধরন, চিকিৎসা ও ওষুধের ওপর নির্ভর করতে পারে। বিশেষ করে রোগের জটিল পর্যায়ে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নিজের ইচ্ছায় কোনো প্রসাধনী বা ত্বকের পরিচর্যার পণ্য ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রসাধনী পুরোপুরি বাদ দেওয়াই ক্যানসার প্রতিরোধের একমাত্র উপায়—এমন নয়। তবে অনুমোদিত পণ্য বেছে নেওয়া, উপাদানের তালিকা যাচাই করা, অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা এবং অজানা বা নিম্নমানের পণ্য থেকে দূরে থাকলে সম্ভাব্য ঝুঁকি কমানো সম্ভব।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাশুড়ির প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
পরিবারের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সাহস জোগানো কিংবা নতুন সদস্যকে আপন করে নেওয়া—পারিবারিক জীবনে শাশুড়ির অবদান অনেক সময়ই গুরুত্বপূর্ণ।
শাশুড়ির প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
আজ অন্যের জন্য কিছু করার দিন
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না।
আজ অন্যের জন্য কিছু করার দিন
নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন
কাজের চাপ, পারিবারিক দায়িত্ব আর মুঠোফোনের একের পর এক বার্তা—সব মিলিয়ে দিনের বেশির ভাগ সময় কখন যে কেটে যায়, তা বুঝতেই পারেন না অনেকে।
নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন
চোখের নিচে কালি পড়ে কেন, কমানোর উপায় কী?
পড়াশোনা, পরীক্ষা কিংবা কাজের ব্যস্ততায় অনেক সময় পর্যাপ্ত ঘুম হয় না। এর প্রভাব পড়ে শরীর ও চেহারায়। বিশেষ করে চোখের নিচে কালচে দাগ, ফোলা ভাব কিংবা সূক্ষ্ম ভাঁজ দেখা দিতে পারে।
চোখের নিচে কালি পড়ে কেন, কমানোর উপায় কী?
ছেলেদের তুলনায় বেশি ভেপিং করছে মেয়েরা, বলছে গবেষণা 
ধূমপান ও নিকোটিন ব্যবহারের প্রবণতা ছেলেদের মধ্যে বেশি দেখা গেলেও ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে বদলে যাচ্ছে সেই চিত্র।
ছেলেদের তুলনায় বেশি ভেপিং করছে মেয়েরা, বলছে গবেষণা 
আরও পড়ুন
ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান রামেক অধ্যক্ষের
স্তন ক্যানসার সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’
উটের প্রস্রাবেই সারবে ক্যানসার? ভাইরাল দাবির সত্যতা জানাল সৌদি
স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী