
কেউ সাহায্য চাইলে সহজেই ‘হ্যাঁ’ বলে দেন? নিজের সময় বা সামর্থ্য না থাকলেও অন্যের মন রক্ষায় বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন? অথচ কোনো কারণে সেই দায়িত্ব পালন করতে না পারলে কিংবা কাউকে সরাসরি ‘না’ বলতে হলে পরে অপরাধবোধে ভোগেন? এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে।
কর্মক্ষেত্র হোক কিংবা ব্যক্তিগত জীবন—অন্যকে হতাশ করার ভয় থেকে অনেকেই নিজের প্রয়োজন ও ইচ্ছাকে গুরুত্ব দিতে পারেন না। সব সময় অন্যের মন জুগিয়ে চলার চেষ্টা করেন। কিন্তু এতে অন্যের উপকার হলেও নিজের ওপর বাড়তে থাকে মানসিক চাপ। অনেক সময় নিজের ভালো থাকাটাই উপেক্ষিত হয়।
মনোবিদদের মতে, মানুষ সামাজিক জীব। তাই অন্য কাউকে হতাশ করার চিন্তা অনেকের কাছেই অস্বস্তিকর। তবে সব অনুরোধে সম্মতি দেওয়া কিংবা নিজের সামর্থ্যের বাইরে দায়িত্ব নেওয়া সুস্থ অভ্যাস নয়। বরং প্রয়োজনের সময় ‘না’ বলতে শেখাও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা।
কেন ‘না’ বলতে ভয় পান অনেকে?
অন্যকে সরাসরি প্রত্যাখ্যান করতে না পারার পেছনে কয়েকটি মানসিক কারণ কাজ করে। এর মধ্যে রয়েছে—
১. সম্পর্ক নষ্ট হওয়ার ভয়
অনেকেই মনে করেন, কাউকে ‘না’ বললে তিনি কষ্ট পাবেন কিংবা সম্পর্কের অবনতি ঘটবে। কেউ কেউ আবার অন্যের কাছে স্বার্থপর হিসেবে পরিচিত হওয়ার ভয়েও নিজের ইচ্ছার বিরুদ্ধে সম্মতি দেন।
২. সব সময় ভালো মানুষ হওয়ার চাপ
সমাজে অনেকের ধারণা, ভালো মানুষ মানেই সব সময় অন্যের উপকারে এগিয়ে আসা। এই ধারণা থেকে অনেকে নিজের সীমাবদ্ধতা ভুলে অন্যের জন্য সবকিছু করতে চান। ফলে নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া কঠিন হয়ে পড়ে।
৩. অন্যের অসন্তুষ্টিকে নিজের ভুল মনে করা
আপনার কোনো সিদ্ধান্তে কেউ অখুশি হলেই সেটিকে নিজের ভুল মনে করার প্রবণতা অনেকের মধ্যে রয়েছে। অথচ আপনার সিদ্ধান্তে অন্য কেউ হতাশ হয়েছেন মানেই আপনি অন্যায় করেছেন, এমন নয়। অনেক সময় ‘না’ বলার অভ্যাস না থাকায় এমন অস্বস্তি তৈরি হয়।
‘না’ বলার পর অপরাধবোধ কাটাবেন যেভাবে
অন্যকে ‘না’ বলার পর নিজেকে দোষারোপ না করে নিজের প্রয়োজন ও সামর্থ্যকে গুরুত্ব দিতে হবে। এ জন্য কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।
১. উত্তর দেওয়ার আগে সময় নিন
কেউ কোনো কাজের দায়িত্ব দিলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন না। কাজটি করার মতো পর্যাপ্ত সময়, সামর্থ্য ও ইচ্ছা আপনার আছে কি না, তা ভেবে দেখুন। প্রয়োজন হলে সিদ্ধান্ত জানানোর জন্য কিছুটা সময় চান।
২. নম্রভাবে নিজের অপারগতা জানান
কাউকে ‘না’ বলার অর্থ রূঢ় আচরণ করা নয়। ভদ্র ও সংক্ষিপ্তভাবে নিজের অবস্থান জানাতে পারেন। যেমন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি আমার পক্ষে করা সম্ভব নয়।’ নিজের সিদ্ধান্ত বোঝাতে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই।
৩. নিজেকে প্রশ্ন করুন
‘না’ বলার পর অপরাধবোধ তৈরি হলে নিজেকে প্রশ্ন করুন, ‘আমি কি সত্যিই কোনো ভুল করেছি, নাকি অন্য কেউ হতাশ হতে পারেন ভেবেই আমার খারাপ লাগছে?’ এতে নিজের অনুভূতি ও বাস্তব পরিস্থিতির পার্থক্য বুঝতে সুবিধা হবে।
৪. সবাই আপনার সিদ্ধান্ত মেনে নেবেন না, তা মেনে নিন
আপনার সব সিদ্ধান্তে সবাই একমত হবেন, এমনটা আশা করা ঠিক নয়। কেউ আপনার কথায় অসন্তুষ্ট হতে পারেন। তবে অন্যের অসন্তুষ্টি মানেই আপনি ভুল করেছেন, এমন নয়। নিজের সিদ্ধান্তের যথার্থতা বুঝতে শিখুন।
৫. নিজের সীমা নির্ধারণ করুন
কোন কাজটি করতে পারবেন আর কোনটি পারবেন না, তা আগে থেকেই পরিষ্কার রাখুন। নিজের পছন্দ ও অপছন্দ প্রকাশ করুন। সামর্থ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব নেবেন না। কোনো সিদ্ধান্ত জানানোর আগে সময় চাওয়াও ভালো অভ্যাস।
সব পরিস্থিতিতে ‘না’ বলা কি সহজ?
সব পরিস্থিতিতে সরাসরি ‘না’ বলা সহজ নয়। বিশেষ করে কাছের মানুষ কিংবা কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কারও অনুরোধ ফিরিয়ে দিতে অনেকেই দ্বিধায় পড়েন। তবে নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা বিবেচনা করে সততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
মনে রাখতে হবে, অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করা কোনোভাবেই ভালো অভ্যাস নয়। নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয়। বরং সুস্থ সম্পর্ক বজায় রাখতে নিজের সীমাবদ্ধতা বোঝানোও প্রয়োজন।
তবে ‘না’ বলার পর অপরাধবোধ যদি দৈনন্দিন জীবন, মানসিক শান্তি কিংবা ব্যক্তিগত সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করে, তাহলে মনোবিদ বা পরামর্শকের সহায়তা নেওয়া উচিত।
আরটিভি/জেএমএ


