
শীত পুরোপুরি না এলেও ঘরে ঘরে শুরু হয়েছে জ্বর-সর্দি-কাশি। এর সঙ্গে অনেকের ঠোঁটের কোণে দেখা দিচ্ছে ছোট ছোট ফোসকা বা ঘা, যা পরিচিত জ্বরঠোসা নামে। জ্বরের সময় এই সমস্যা দেখা দিলে খাওয়াদাওয়াতেও অস্বস্তি হয়। বিশেষ করে ঝাল খাবার খেতে গেলে জ্বালাপোড়া আরও বেড়ে যায়।
জ্বরঠোসা সাধারণত কয়েক দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। বেশির ভাগ ক্ষেত্রে এর জন্য বিশেষ ওষুধ বা মলমের প্রয়োজন হয় না। তবে কেন এই সমস্যা হয়, কারা বেশি আক্রান্ত হন এবং কীভাবে জ্বালাপোড়া কমানো যায়, তা জানা জরুরি।
জ্বরঠোসা কেন হয়?
অনেকের ধারণা, দীর্ঘদিন জ্বর বা শরীর খারাপ থাকলে জ্বরঠোসা হয়। তবে এর প্রধান কারণ হারপিস সিমপ্লেক্স ভাইরাস-১-এর সংক্রমণ। এই ভাইরাসের কারণেই ঠোঁটের আশপাশে ছোট ফোসকা বা ঘা দেখা দেয়।
জ্বর নিজে সরাসরি জ্বরঠোসার কারণ নয়। তবে অন্য কোনো সংক্রমণের কারণে জ্বর হলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। তখন আগে থেকে শরীরে থাকা ভাইরাস সক্রিয় হয়ে জ্বরঠোসা তৈরি করতে পারে। বিশেষ করে ভাইরাসজনিত জ্বর-সর্দির সময় এ সমস্যা বেশি দেখা যায়।
এছাড়া ভিটামিন সি ও ডি-এর অভাবের সঙ্গেও জ্বরঠোসার সম্পর্ক থাকতে পারে।
কারা জ্বরঠোসায় আক্রান্ত হন?
যে কারও জ্বরঠোসা হতে পারে। এর জন্য দায়ী ভাইরাসটি বেশ সাধারণ। বিশ্বজুড়েই বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত। তবে শরীরে প্রবেশের পর ভাইরাসটি অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে। প্রথমবার সংক্রমণের পর ঘা সেরে গেলেও ভাইরাসটি স্নায়ুকোষে থেকে যেতে পারে। পরে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে আবার সক্রিয় হয়ে জ্বরঠোসা তৈরি করতে পারে।
তাই একবার জ্বরঠোসা হলে যে আর কখনো হবে না, এমন নয়। কারও কারও ক্ষেত্রে এটি বারবার ফিরে আসে। তবে ভাইরাসে আক্রান্ত হলেই যে সবার ঠোঁটে ঘা হবে, তা নয়।
জ্বরঠোসার জ্বালাপোড়া কমাবেন যেভাবে
জ্বরঠোসা হলে অস্বস্তি ও জ্বালাপোড়া কমাতে কয়েকটি ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন।
১. অ্যালোভেরা জেল লাগান
জ্বরঠোসার জায়গায় অল্প পরিমাণ অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এটি ঘায়ের জ্বালাপোড়া ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। তবে ব্যবহারের আগে ত্বকে অ্যালার্জি বা অস্বস্তি হচ্ছে কি না, খেয়াল রাখুন।
২. বরফের সেঁক দিন
জ্বরঠোসার জায়গায় জ্বালাপোড়া বা প্রদাহ হলে বরফের সেঁক দিতে পারেন। তবে সরাসরি ঠোঁটে বরফ লাগাবেন না। পরিষ্কার তোয়ালে বা কাপড়ে বরফ মুড়িয়ে আক্রান্ত স্থানে তিন থেকে পাঁচ মিনিট ধরে রাখুন। ঘা নখ দিয়ে খুঁটবেন না বা ফোসকা ফাটাবেন না।
৩. খাবারে রাখুন ভিটামিন সি
শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের খাবারে লেবু, আমলকীসহ ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখতে পারেন। তবে শুধু ভিটামিন সি খেলেই জ্বরঠোসা সেরে যাবে, এমন নয়। সুষম খাবার খাওয়ার পাশাপাশি শরীরের যত্ন নেওয়াও জরুরি।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
সাধারণত জ্বরঠোসা কয়েক দিনের মধ্যে সেরে যায়। তবে ঘা দীর্ঘদিন না সারলে, বারবার ফিরে এলে কিংবা ব্যথা ও অস্বস্তি বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়।
জ্বরঠোসা হলে আক্রান্ত স্থান পরিষ্কার রাখুন। ঘা স্পর্শ করার পর হাত ধুয়ে নিন এবং অন্যের সঙ্গে চুম্বন বা ঠোঁটের সংস্পর্শ হয় এমন জিনিস ভাগাভাগি করা থেকে বিরত থাকুন। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
আরটিভি/জেএমএ




