
সকালের এক কাপ কফি শুধু ক্লান্তি দূর করে মনোযোগ বাড়াতেই নয়, কোষের সুরক্ষা এবং বয়সজনিত ক্ষতি কমাতেও ভূমিকা রাখতে পারে। নতুন এক গবেষণায় এমনই ইঙ্গিত পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
তাদের দাবি, কফিতে থাকা কয়েকটি প্রাকৃতিক উপাদান শরীরের বিশেষ একটি প্রোটিনের কার্যক্রম বাড়িয়ে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী পপুলার সায়েন্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটিতে মূলত এনআর৪এ১ নামের একটি প্রোটিনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রোটিন কোষের ওপর বিভিন্ন ধরনের চাপ ও ক্ষতির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গবেষকদের মতে, কফিতে থাকা পলিফেনল নামের কিছু উদ্ভিজ্জ যৌগ এনআর৪এ১ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এর সুরক্ষামূলক কার্যক্রম বাড়াতে পারে। এসব যৌগের মধ্যে রয়েছে ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড ও ফেরুলিক অ্যাসিড। এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ক্যাফেইক অ্যাসিডসহ কফির কয়েকটি উপাদান এনআর৪এ১ প্রোটিনের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে কোষের ক্ষতি কমার পাশাপাশি পরীক্ষাগারে ক্যানসার কোষের বংশবৃদ্ধি ধীর হওয়ার সম্ভাবনাও দেখা গেছে।
গবেষকেরা আরও দেখেছেন, কোষ থেকে এনআর৪এ১ প্রোটিন সরিয়ে দিলে কফির এসব উপাদানের সুরক্ষামূলক প্রভাব আর পাওয়া যায়নি। অর্থাৎ কফির সম্ভাব্য উপকারের ক্ষেত্রে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ক্যাফেইনমুক্ত কফিতেও একই ধরনের প্রভাব দেখা গেছে। এতে গবেষকদের ধারণা, কফির সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারের পেছনে ক্যাফেইনের চেয়ে অন্যান্য প্রাকৃতিক উপাদানের ভূমিকা বেশি হতে পারে। বিশেষ করে ক্যাফেইক অ্যাসিডের সঙ্গে ক্যাফেইনের পার্থক্য রয়েছে। নামের মিল থাকলেও ক্যাফেইক অ্যাসিড ক্যাফেইন নয়।
তবে গবেষণার ফল আশাব্যঞ্জক হলেও এখনই কফিকে তারুণ্য ধরে রাখার উপায় হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, গবেষণাটি সরাসরি মানুষের ওপর পরিচালিত হয়নি। পরীক্ষাগারে কোষ এবং ইঁদুরের রোগ প্রতিরোধী কোষ ব্যবহার করে কফির বিভিন্ন উপাদানের প্রভাব পরীক্ষা করেছেন গবেষকেরা।
গবেষকদের সতর্কতা, বেশি কফি পান করলেই শরীরে এনআর৪এ১ প্রোটিনের কার্যক্রম বেশি বাড়বে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বরং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে ঘুমের সমস্যা, উদ্বেগ, বুক ধড়ফড় করা এবং রক্তচাপ বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকা কিংবা বয়সের ছাপ কমানোর জন্য কোনো একটি খাবার বা পানীয়ের ওপর নির্ভর করা ঠিক নয়। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, ধূমপান পরিহার, পুষ্টিকর খাবার গ্রহণ এবং রক্তচাপ ও বিপাকীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখার মতো অভ্যাস দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
গবেষকেরা মনে করছেন, কফির উপাদান এবং এনআর৪এ১ প্রোটিনের মধ্যকার সম্পর্ক নিয়ে আরও গবেষণা হলে বয়সজনিত কোষীয় ক্ষতি প্রতিরোধের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মানুষের শরীরে এর প্রকৃত প্রভাব জানতে প্রয়োজন আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি গবেষণা।
আরটিভি/এসকে



