ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের আলমারির পোশাক ভাড়া দিয়েই মাসে আয় ৬ লাখ টাকা!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
কাল্পনিক ছবি

নিজের ব্যবহৃত পোশাক অনলাইনে ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় ৫ হাজার ডলার বা ৬ লাখ টাকার বেশি আয় করছেন ওয়াল স্ট্রিটের সাবেক কর্মী ওয়েন সং। মাত্র কয়েকটি পোশাক দিয়ে শুরু করা তার এই উদ্যোগ এখন বড় ব্যবসায় পরিণত হয়েছে। বর্তমানে তার সংগ্রহে রয়েছে প্রায় ৪৬০টি পোশাক।

নিজের আলমারিতে থাকা পোশাক ভাড়া দিয়েও যে বড় অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব, তারই উদাহরণ তৈরি করেছেন ৩৫ বছর বয়সী ওয়েন সং। দীর্ঘ সাত বছর আর্থিক খাতে কাজ করার পর একঘেয়ে কর্মজীবন থেকে বেরিয়ে নতুন কিছু করার সিদ্ধান্ত নেন তিনি। সেই ভাবনা থেকেই শুরু করেন অনলাইনে পোশাক ভাড়া দেওয়ার ব্যবসা।

সংবাদমাধ্যম ‘বিজনেস ইনসাইডার’কে ওয়েন সং জানান, গত বছরের মে মাসে পোশাক ভাড়া দিয়ে অর্থ উপার্জনের বিষয়ে একটি নিবন্ধ পড়েন তিনি। নিজের সংগ্রহে থাকা ভালো মানের পোশাকগুলো ভাড়া দেওয়ার চিন্তা তখনই মাথায় আসে তার।

শুরুতে একটি অনলাইন প্ল্যাটফর্মে নিজের ব্যবহৃত কয়েকটি পোশাক ভাড়ার জন্য তালিকাভুক্ত করেন সং। অল্প সময়ের মধ্যেই সাড়া পেতে শুরু করেন। প্রথম দিকে পোশাক পাঠানো ও গ্রাহকসেবা সামলাতে কিছুটা সমস্যায় পড়লেও ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন। একপর্যায়ে ওই প্ল্যাটফর্মে ‘স্টার লেন্ডার’ বা সেরা ভাড়াদাতাদের একজন হয়ে ওঠেন তিনি।

ওয়েন সংয়ের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল নাগাদ তার মাসিক আয় নিয়মিত ৫ হাজার ডলারে পৌঁছায়। ব্যবসা থেকে আয় বাড়তে থাকায় নতুন পোশাক কেনার পেছনেও বিনিয়োগ শুরু করেন তিনি। বর্তমানে তার সংগ্রহে প্রায় ৪৬০টি পোশাক রয়েছে। চাহিদা বেশি থাকা পোশাকগুলোর একাধিক কপিও কিনে রাখছেন, যাতে একাধিক গ্রাহকের চাহিদা পূরণ করা যায়।

ভাড়া কম রেখেই বাড়িয়েছেন গ্রাহক

নিজের ব্যবসার সাফল্যের পেছনে পোশাকের ভাড়া নির্ধারণের কৌশলকে গুরুত্বপূর্ণ মনে করেন সং। বোস্টনের বাইরের গ্রাহকদের আলাদাভাবে পরিবহন খরচ বহন করতে হয়। তাই অন্যান্য বড় শহরের তুলনায় নিজের পোশাকের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ কম রাখেন তিনি। এতে গ্রাহকদের কাছে পোশাকগুলো তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে এবং বুকিংও বাড়ে।

সং জানান, ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছে। বর্তমানে বেশ কয়েকজন নিয়মিত গ্রাহক রয়েছেন, যারা তার সেবার ওপর আস্থা রাখেন। গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে ব্যবসা আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগায়।

এআইয়ের সাহায্যে খুঁজছেন ফ্যাশনের নতুন ট্রেন্ড

পোশাকের ব্যবসায় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ফ্যাশন ট্রেন্ডের ওপর নিয়মিত নজর রাখেন ওয়েন সং। ভাইরাল ও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পোশাক সংগ্রহে রাখার চেষ্টা করেন তিনি। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বাজার বিশ্লেষণ ও গবেষণাও করেন।

তার মতে, প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘণ্টা গবেষণা ও পোশাক কেনাকাটার পেছনে ব্যয় করেন তিনি। কাজটি তার কাছে অনেকটা ওয়াল স্ট্রিটে অপশনস ট্রেডার হিসেবে একসঙ্গে একাধিক স্ক্রিনে বাজার পর্যবেক্ষণের মতোই।

বর্তমানে ওয়েন সং মূলত ব্যক্তিগত শেফ হিসেবে কাজ করেন। পাশাপাশি সামলাচ্ছেন পোশাক ভাড়ার ব্যবসাও। তিনি জানান, সাধারণত সপ্তাহে দুদিন রান্নার কাজ করেন। বাকি দিনগুলো পুরোপুরি পোশাকের ব্যবসার পেছনে ব্যয় করেন।

নিজের আলমারিতে থাকা পোশাক দিয়ে শুরু করা ছোট উদ্যোগটি এখন তার আয়ের অন্যতম উৎস। সঠিক মূল্য নির্ধারণ, ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে ধারণা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক এই তিন কৌশলেই ব্যবসাটিকে বড় করেছেন ওয়েন সং।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাট্টার ছলে অপমান, প্রভাব পড়ে অন্যদের মনেও
কাউকে নিয়ে ঠাট্টা করা বা অপমানজনক কথা বলার পর অনেকেই বলেন, ‘মজা করছিলাম।’ কিন্তু মজার ছলে বলা কথা কি সত্যিই অপমানের কষ্ট কমিয়ে দেয়? মনোবিজ্ঞানের ব্যাখ্যা বলছে, সব ক্ষেত্রে তা নয়।
ঠাট্টার ছলে অপমান, প্রভাব পড়ে অন্যদের মনেও
আজ বিশ্ব দাড়ি কাটা দিবস
বিশ্বে প্রতি বছর ১৮ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক দাড়িমুক্ত দিবস। এদিন দাড়িওয়ালা পুরুষদের দাড়ি কামিয়ে একেবারে পরিষ্কার মুখে ফিরে আসার আহ্বান জানানো হয়।
আজ বিশ্ব দাড়ি কাটা দিবস
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য
বিচ্ছেদের পর সাবেক প্রেমিক বা প্রেমিকাকে পুরোপুরি ভুলে যেতে কতদিন সময় লাগবে? এক মাস, দুমাস নাকি আরও বেশি! সম্প্রতি এক গবেষণা বলছে, আপনার ধারণার চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে এক্সকে ভুলতে।
সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?