
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকাধীন মার্কেটগুলোর অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদের ধারাবাহিকতা বজায় রেখেছে। এই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ডিএসসিসির ‘সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট’ এ উচ্ছেদ অভিযান চালাবে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসি ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে গত মঙ্গলবার পুলিশ ও দোকান মালিক-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপরও সিটি করপোরেশন অভিযান থেকে পিছু হটেনি। পুলিশকে লক্ষ্য করে মালিক ও শ্রমিকরা ইটপাটকেল ছোড়ে। পুলিশের পক্ষ থেকে পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দিনভর অভিযান চালিয়ে ডিএসসিসি মার্কেটটির ২৫০টি দোকান উচ্ছেদ করে। এই উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতায় আগামীকাল ফের ডিএসসিসির মার্কেট থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করতে যাচ্ছে।
জানা গেছে, গুলিস্তানে সুন্দরবন মার্কেটে বেশকিছু অবৈধ দোকান ভাঙবে ডিএসসিসি। সেজন্য আগেভাগেই ওই মার্কেটে অভিযানের কথা জানিয়ে দোকান মালিকদের চিঠি দেয় সিটি করপোরেশন। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে প্রায় ৬০০ অবৈধ দোকান গড়ে অন্তত ৮০ কোটি টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় গুলিস্তান ট্রেড সেন্টার (পুরানবাজার), আদর্শ মার্কেট বিকল্প ও মহানগর মার্কেট বিকল্প- এই তিন মার্কেটে রয়েছে নকশাবহির্ভূত দোকানপাট। এর মধ্যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নকশাবহির্ভূত অবৈধ দোকান ভাঙার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। এ মার্কেটের খোলা জায়গা, বারান্দা, টয়লেটের সিঁড়ি, জেনারেটর রুম, পার্কিংয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা হলেন আবু নাসের জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টা হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন রাজধানীর স্কয়ার সুপার মার্কেট ও মার্কেটের চতুর্দিকে মূল নকশার বাইরে বিদ্যমান সকল ধরণের অবৈধ স্থাপনা/দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে সব মার্কেটে অবৈধ দোকান ভাঙার অভিযান চলবে।
এফএ




