
ভারতে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলরত কৃষকদের জন্য শীতবস্ত্র পাঠাতে চান গণস্বাস্থ্যে প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী। এ জন্য তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হাইকমিশনার অফিসে চিঠিটি হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
চিঠিতে ডা. জাফরুল্লাহ লেখেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট। এটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়। যা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাদেশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ভারতের সহযোগিতার জন্য আমরা দেশটির জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি, নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। ইতোমধ্যে ৩৭ কৃষক মারা গেছেন।
স্বাধীনতাযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতাস্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য গ্রামীণ তাঁতিদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চায় গণস্বাস্থ্য।আগামী ৩০ ডিসেম্বর অথবা আপনার সুবিধাজনক যে কোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হব।
এমকে




