
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কানাডাসহ কয়েকটি দেশ থেকে ব্যবসায়ীরা গম আনা শুরু করেছেন। আশা করছি দ্রুতই গমের বাজার স্বাভাবিক হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত ট্রাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, গমের বিষয়টি আলোচনায় এসেছে। আমাদের এক বড় ব্যবসায়ী বলেছেন, তার একটি জাহাজ তুরস্কে আটকে ছিল। এখন সেটা রওনা হয়েছে। ওই জাহাজে ৫৫ হাজার টন গম আছে। তবে আমাদের গম সরবরাহের প্রধান দেশ ইউক্রেন। সেখান থেকে আনতে পারলে গমের বাজার দ্রুত স্থিতিশীল হবে। আপাতত দেশের ঘাটতি মেটাতেই কানাডা থেকে গম আনা হচ্ছে।
তিনি বলেন, আমরা এখন টিসিবির মাধ্যমে আমাদের নির্ধারিত দামেই ডাল সরবরাহ করছি। ডালের সরবরাহ কিছুটা কমেছে। হয়তো এ কারণে একটু দাম বাড়তে পারে। ট্যারিফ কমিশন এ বিষয়টি দেখবে যে, বাজারে যেভাবে দাম বাড়ানো হয়েছে তা যৌক্তিক কিনা।




