
অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ব্যবসাবান্ধব ঋণ নীতিমালা করার দাবি করেছেন ব্যবসায়ীরা।
রোববার (২৭ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সেমিনারে এ দাবি জানান খাত সংশ্লিষ্ট বিশ্লেষক ও ব্যবসায়ীরা।
এ সময় তারা সহজ শর্তে ট্রেড লাইসেন্স দেওয়া, জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থারও দাবি জানান।
‘সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও বিকল্প অর্থায়ন’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গ্রামীণ যে নারীরা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করেন তাদের ঋণ পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়। আইনের নানা জটিলতায় তাদের ঋণ পেতে দেরি হয়।
তিনি বলেন, সরকারকেই তাদের ঋণের জামানতদার হওয়া উচিত। এজন্য বাংলাদেশ ব্যাংককে একসঙ্গে কাজ করা প্রয়োজন। এসব নিয়মের বেড়াজাল ভাঙতে হবে। ট্রেড লাইসেন্স একটি ভয়ানক বিষয়। বছরের পর বছর একটি ট্রেড লাইসেন্স পেতে সময় লাগে। তার থেকে আরেকটি বড় সমস্যা লাইসেন্স নবায়ন করা। এসব কারণে অনেকে ব্যবসার ভালো পরিবেশ পাচ্ছে না।




