
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন দিতে পারবেন। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। কোথাও যাতে কোনো অঘটন না ঘটে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন।
এ ছাড়া সারা দেশের ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারাদেশে ৩০ হাজার ৭৭টি পূজা মণ্ডপ করা হবে। ঢাকায় ২৩১টি পূজা মণ্ডপ হবে। পূজায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব আমরা। প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, এসময় ঢাকাতে একটি মনিটরিং সেল থাকবে। তারা নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। তাছাড়া প্রতিমা বিসর্জনের দিন আশুরার তাজিয়া মিছিল হবে, যাতে মিছিল ও প্রতিমা বিসর্জন যাত্রা এক রুটে না হয়, সেটা মনিটরিং সেল দেখবে।
এসএস




