
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল সংক্রান্ত একটি ভাষণ রেকর্ড করবেন। ভাষণের বিষয়বস্তু এবং রেকর্ডিংয়ের সুনির্দিষ্ট সময় সিইসি নির্ধারণ করবেন।
ইসি সচিব বলেন, রেকর্ডিংয়ের তারিখ নিশ্চিত হলেও ভাষণের বিষয়বস্তু বা সময় সম্পর্কে এখনও সচিবালয় অবহিত নয়। সিইসি বিষয়টি চূড়ান্ত করলেই তা গণমাধ্যমকে জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের সময়সূচিও এখনও নির্ধারণ হয়নি, তবে মঙ্গলবার তা জানানো হতে পারে।
এদিকে, সিইসির ভাষণ রেকর্ডিংয়ের জন্য আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং ভাষণটি বিটিভি ও বেতারে একযোগে প্রচার করা হবে। রেকর্ডিংয়ের সময় চূড়ান্ত হওয়ার পর বিটিভির একটি রেকর্ডিং টিমকে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর প্রস্তুতিও রাখতে বলা হয়েছে। রেকর্ডকৃত ভাষণ নির্ধারিত তারিখ ও সময়ে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।
আরটিভি/আরএ




