
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৫ জানুয়ারি) ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
এতে আরও বলা হয়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।
এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন।
আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
আরটিভি/আরএ


