চলতি সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বছর মোট ৪৬২০০ শিক্ষার্থী বৃত্তি পাবে, যার মধ্যে ১৪৭০০ শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩১৫,১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল প্রক্রিয়া করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুত প্রকাশ করা হবে।
বৃত্তির কোটা অনুযায়ী, ঢাকা বোর্ডে ৩৬৩৫ জন মেধাবৃত্তি এবং ৭৭৯০ জন সাধারণ বৃত্তি পাবে। ময়মনসিংহ বোর্ডে ৯৬৭ জন মেধাবৃত্তি ও ২০৭৩ জন সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডে ১৯২৬ জন মেধাবৃত্তি ও ৪১২৮ জন সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডে ১৬৭৭ জন মেধাবৃত্তি ও ৩৫৯৩ জন সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডে ৯৪৮ জন মেধাবৃত্তি ও ২০৩০ জন সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডে ৮৭৩ জন মেধাবৃত্তি ও ১৮৭১ জন সাধারণ বৃত্তি, যশোর বোর্ডে ১৬৬২ জন মেধাবৃত্তি ও ৩৫৬১ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডে ১২১০ জন মেধাবৃত্তি ও ২৫৯৩ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১৮০২ জন মেধাবৃত্তি ও ৩৮৬১ জন সাধারণ বৃত্তি পাবে।
মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও মাসে ৪৫০ টাকা পাবে, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। এই সুবিধা আগামী দুই বছর দেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




