ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২-এর ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা চর্চায় নিজেদের এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে।

তিনি আরও বলেন, শুরুতে তিনটি বিষয়ে পুরস্কার প্রদানের মাধ্যমে ১৯৭৬ সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার ‘একুশে পদক’ এর যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ কমপক্ষে ১২টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন।

জ্ঞান বিজ্ঞান কিংবা শিল্প ও সাহিত্য চর্চার ধারা আরও শাণিত এবং বিকশিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। শিক্ষা গবেষণা এবং শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। জ্ঞান-বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে বর্তমান সরকার কাজ করছে।

জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তারেক রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। বলা যায়, আমাদের সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ একুশে ফেব্রুয়ারি। একদিকে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, অপরদিকে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস। আমাদের শেকড় সন্ধানী মাস।

আরও পড়ুন

জ্ঞানী-গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব মন্তব্য করে সরকার প্রধান বলেন, এ কারণেই আমরা প্রতি বছরের মতো এ বছর দেশের জ্ঞানী-গুণী, কবি-সাহিত্যিক-শিল্পী-ভাষাসংগ্রামীকে একুশে পদকে ভূষিত করেছি।

ভাষা শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একুশ আমাদের অবিনাশী চেতনা, স্বাধিকার অর্জনের বীজমন্ত্র। এবার আমরা ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে ৭৫ বছরে পদার্পণ করেছি। অমর একুশের ভাষা-শহীদদের স্মরণে প্রবর্তিত আজকের একুশে পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে ভাষা সংগ্রামীদের স্মরণ করছি।

এ সময় তিনি তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করার জন্যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

একইসঙ্গে তারেক রহমান একুশে পদকে ভূষিত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন।

উল্লেখ্য, এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীত দল হিসেবে পুরস্কার পেয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। 
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
বাল্যবিবাহ রোধে ‘নারী-পুরুষ’ উভয়ের নতুন বয়স নির্ধারণের সুপারিশ
বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিলসহ আইন সংস্কারে ছয়টি সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। 
বাল্যবিবাহ রোধে ‘নারী-পুরুষ’ উভয়ের নতুন বয়স নির্ধারণের সুপারিশ
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রথম প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।  এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। একই কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) এ এইচ এম শাহাদাত হোসাইনকে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আরটিভি/এসআর
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলা নামে একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপে দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানের বিবৃতির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন শ্রমিক সংগঠনের নেতারা। মজুরি বোর্ডের বৈঠকে শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও পরে তা কমিয়ে সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি করে।  অন্যদিকে, মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়। মালিকপক্ষের এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।  তারা বলেন, মালিকপক্ষের এই প্রস্তাব বর্তমান বাজার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এমনকি দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনগুলোর প্রস্তাব কিংবা নবম পে-স্কেলের আগে পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের সঙ্গেও এর কোনো মিল নেই। এই বাজারে সামান্য এই মজুরিতে শ্রমিকের পক্ষে চলা অসম্ভব। সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে এই দুই নেতা আরও বলেন, সরকার গ্যাস বা জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করে দেয়, এর নিচে কেউ তা বিক্রি করে না। তাই আমরা আশা করি, সরকার এখানে হস্তক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও জীবনভিত্তিক একটি মজুরি ঘোষণা করবে। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষ যে ন্যূনতম প্রস্তাব দিয়েছে, তা সাধারণ শ্রমিকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকরা যাতে ন্যূনতম জীবনযাপন করতে এবং সংসার চালাতে পারেন, মজুরি বোর্ড সেই বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করবে—এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে, শ্রমিক নেতা তৌহিদুর রহমান মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব নাকচ করলেও আলোচনার প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখার কথা জানান।  তিনি বলেন, এই অঙ্কটি শ্রমিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটি যদি দর-কষাকষি বা আলোচনার সূত্রপাত করার জন্য হয়ে থাকে, তবে আমি তাকে স্বাগত জানাই। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির অবস্থান প্রসঙ্গে তৌহিদুর রহমান বলেন, শ্রমিক প্রতিনিধি কেন ৩২ হাজার টাকা থেকে ২২ হাজার টাকায় নেমে এলেন, সেই প্রেক্ষাপট সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে দিনশেষে আমাদের প্রতিনিধি যুক্তিতর্কের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে একটি যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি আদায় করে আনবেন বলে আমি আশাবাদী। আরটিভি/এসআর
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
আরও পড়ুন
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইটের তারিখ ঘোষণা