বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে (এমসি১৪) যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ এবং বৈশ্বিক বাণিজ্যের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউটিও-এর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে এই সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে।
৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী। প্রতিনিধিদলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন। মঙ্গলবার প্রতিনিধিদলটি ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং সম্মেলন শেষে আগামী ১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ডব্লিউটিও-এর মিনিস্ট্রিয়াল কনফারেন্স হলো সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
এবারের সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বিদ্যমান বাণিজ্য সুবিধাগুলো বজায় রাখার ওপর জোর দেবে। বিশেষ করে উন্নত দেশগুলোর বাজারে ডিউটি-ফ্রি (শুল্কমুক্ত) ও কোটা-ফ্রি প্রবেশাধিকার নিশ্চিত করা, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে। এলডিসি থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের জন্য এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে আয়োজিত এই সম্মেলনে ডব্লিউটিও-এর ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের কনফারেন্সে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা।
আরটিভি/এআর



