ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানি পাইপলাইনে রয়েছে। রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।

বুধবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সরবরাহ এবং আসন্ন রমজানের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

তিনি বলেন, আমাদের পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। রমজান কিংবা তার আগে-পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি তৈরি হবে না।

তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য এবং জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় ও দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি।

ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রয়েছে কি না এবং রমজানের আগে তেলের দাম বাড়ানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। পণ্যের সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক রয়েছে।

পণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতার অভিযোগ পাওয়া যায়নি।

তবে কোনো আমদানিকারক এলসির মার্জিন কিংবা অন্য কোনো ব্যাংকিং জটিলতায় পড়লে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রথম দফার আলোচনা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, আলোচনা এগিয়ে নিয়ে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, ওমান, নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সঙ্গেও অগ্রাধিকারমূলক বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা ধরে রাখা দেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়ক হবে।

বিশেষ করে তৈরি পোশাকসহ দেশের অন্যান্য রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে এ ধরনের চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন
দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন
২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা এ পর্যন্ত ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন।
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
সারাদেশে কমবেশি শুঁটকি উৎপাদন হলেও দেশজুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির। স্বাদে-গন্ধে অনন্য এ শুঁটকি মিশে আছে চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা চট্টগ্রামে শুঁটকি ব্যবসার প্রাণকেন্দ্র বৃহত্তর পাইকারি বাজার আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে বছরে লেনদেন হয় ২৪০০ কোটি টাকার বেশি। শতাব্দী প্রাচীন এই বাজারে পুরো বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতিদিন আনাগোনা হয় হাজারো মানুষের।
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
আরও পড়ুন
রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার
জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী!
রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ