সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে রেলপথের এই নাজুক অবস্থা রেল চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
রোববার (২৬ এপ্রিল) সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বগুড়া-৪ আসনের সরকারি দলের সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারের লক্ষ্যে ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় রেললাইনের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে ইতোমধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষ হলেই ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, শুধু পূর্বাঞ্চল নয়, পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতেও সমান্তরাল উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, পূর্ব ও পশ্চিমাঞ্চলের এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একইসঙ্গে যাত্রীসেবার মানোন্নয়ন ঘটবে এবং ট্রেন ভ্রমণ আগের তুলনায় আরও আরামদায়ক ও নিরাপদ হবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রেলখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হয়ে আধুনিক ও নিরাপদ রেলব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এমএইচজে



