২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, এরপরই তিনি পুলিশের গুলিতে শহীদ হোন । ছবি: সংগৃহীত
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়। একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকজন নিহত হন।
এই দিনটি উপলক্ষে সারা দেশে শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে।
২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গুলি চালায়। এতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এবং দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচার কর্মচারী মো. ফারুক নিহত হন। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে প্রাণ হারান হকার মো. শাহজাহান ও সাবুজ আলী। বিভিন্ন সূত্র অনুযায়ী, ওই দিন অন্তত ছয়জন নিহত হন।
ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষাও স্থগিত করা হয়।
১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও বিস্তৃত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলনের প্রতি সংহতি জানান। কয়েক সপ্তাহের মধ্যেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং তৎকালীন সরকারের পতন ঘটে।
জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে জাতির প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গত বছর থেকে ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে।
আরটিভি/জেএমএ
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া
বদলির পর সরকারি বাসা ছাড়তে হবে দুই মাসের মধ্যে। নির্ধারিত সময়ের পরও বাসার দখল না ছাড়লে অননুমোদিত অবস্থানের জন্য দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমোদনে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখার সুযোগ রয়েছে।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধান অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর।
সম্প্রতি এ বিষয়ে জারি করা এক চিঠিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিধি মেনে সরকারি বাসা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পেয়ে থাকেন। তবে দাপ্তরিক প্রয়োজনে অনেক কর্মকর্তা-কর্মচারী পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হন। এ ক্ষেত্রে অনেক সময় বদলির তথ্য পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ বদলির পর নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসার দখল ছাড়েন না।
এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিধিমালার ১৫(২) উপবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা অবসর গ্রহণ করলে দুই মাসের মধ্যে বরাদ্দ করা সরকারি বাসার দখল ছাড়তে হবে।
তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। কোনো কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে।
অন্যদিকে, বিধিমালার ১৯(২) উপবিধি অনুযায়ী, অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখলে সংশ্লিষ্ট কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে বাসাভাড়া নির্ধারণ করতে হবে।
সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি জানতেন না বলে দাবি করে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা অর্থ মওকুফের আবেদন করেন। কিন্তু বিধি অনুযায়ী, এ ধরনের দ্বিগুণ বাড়িভাড়ার সরকারি পাওনা মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই।
চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে এ ধরনের জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এসকে
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান।
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়।
আরও পড়ুন
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক বহাল, বিসিবির বার্তা