ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

বাংলাদেশ সরকারের অর্থায়নে গৃহীত এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।

হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে নির্ভুল তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন।

এর ফলে ভূমিসেবা পেতে নাগরিকদের বারবার ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা ছিল বেপরোয়া এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুন-খারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত।

তিনি আরও বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সঙ্গে সরকারের এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে।

নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই হলো টেকসই ভূমিসেবার মূল ভিত্তি জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।

ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারোরই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি।

নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা কখনোই টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এর ফলে একদিকে যেমন ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমবে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়েও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, আমাদের সাফল্যের মাপকাঠি কেবল কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো তা নয়; বরং নাগরিকেরা এই ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই মূল বিষয়।

তিনি আরও বলেন, ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনার ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া
বদলির পর সরকারি বাসা ছাড়তে হবে দুই মাসের মধ্যে। নির্ধারিত সময়ের পরও বাসার দখল না ছাড়লে অননুমোদিত অবস্থানের জন্য দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমোদনে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধান অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর। সম্প্রতি এ বিষয়ে জারি করা এক চিঠিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিধি মেনে সরকারি বাসা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পেয়ে থাকেন। তবে দাপ্তরিক প্রয়োজনে অনেক কর্মকর্তা-কর্মচারী পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হন। এ ক্ষেত্রে অনেক সময় বদলির তথ্য পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ বদলির পর নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসার দখল ছাড়েন না। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিধিমালার ১৫(২) উপবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা অবসর গ্রহণ করলে দুই মাসের মধ্যে বরাদ্দ করা সরকারি বাসার দখল ছাড়তে হবে। তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। কোনো কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে। অন্যদিকে, বিধিমালার ১৯(২) উপবিধি অনুযায়ী, অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখলে সংশ্লিষ্ট কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে বাসাভাড়া নির্ধারণ করতে হবে। সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি জানতেন না বলে দাবি করে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা অর্থ মওকুফের আবেদন করেন। কিন্তু বিধি অনুযায়ী, এ ধরনের দ্বিগুণ বাড়িভাড়ার সরকারি পাওনা মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই। চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে এ ধরনের জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসকে
বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা 
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। 
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা 
‘এক সপ্তাহে ২১৩ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’ 
এক সপ্তাহে ২১৩টি নাশকতার ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 
‘এক সপ্তাহে ২১৩ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’ 
আরও পড়ুন
ভেনেজুয়েলার তেল চুক্তি নিয়ে তদন্তের মুখে জেডি ভ্যান্স
থার্ড টার্মিনাল পরিচালনায় আসছে জাপানি কোম্পানি, চুক্তি হচ্ছে ১৫ বছরের
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল