
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হওয়ার পর ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ ৩ বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে নারীসহ তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তন্তর করে বিজিবি।
ফেরত আসা তিনজন হলেন- কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি গ্রামের আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।
এছাড়া একই অভিযোগে আটক আরও দুইজনকে রৌমারী দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন আব্দুল হাই ও ওসামা বীন হাসান সজিব।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি বলেন, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।
আরটিভি/এমএইচজে


