ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের হোতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

ইউরোপে পাঠানোর কথা বলে ময়মনসিংহের এক পরিবারের ৫ জনকে পাচারের ‘অন্যতম হোতাকে’ গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তারা বলছে, চক্রটি এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছে বলে তথ্য পাওয়া গেছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪) সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৪ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে রাজধানীর বনানীর সি ব্লক থেকে আরজুকে গ্রেপ্তার করা হয়।

মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়া ভুক্তভোগীদের একজন কামরুন নাহার গত ১৬ জুলাই এনএসআইয়ের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। ওই তদন্তের ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার আরজু চাকরির প্রলোভন দেখিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা আদায় করতেন। কিছু কিছু ক্ষেত্রে এই অর্থের পরিমাণ ৪০ লাখ টাকা পর্যন্ত পৌঁছাত।

এনএসআই ও এসআরবি সূত্রের তথ্য অনুযায়ী, কামরুন নাহার, ফাতেমা, আনজুমান আরা, পারভেজ, ফিরোজ ও মেহেদী হাসান সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়েছিল। তাদের সার্বিয়া ও বেলারুশের মাধ্যমে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৮৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

এসআরবি জানায়, ভুক্তভোগীদের প্রথমে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হতো। নেপাল বা শ্রীলঙ্কা হয়ে তাদের মিশর কিংবা লিবিয়ায় নেওয়া হতো। সেখান থেকে ঝুঁকিপূর্ণ নৌপথ পাড়ি দিয়ে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করা হতো। তিন ভুক্তভোগী বিদেশে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে দেশে ফিরতে পারলেও এখনো দুজন বিদেশে আটকা পড়ে আছেন। কামরুন নাহারকে মিশরে পাঠানো হয়েছিল এবং আনজুমান আরা শ্রীলঙ্কায় আটকে ছিলেন। পরে দুজনই সহায়তার জন্য এনএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। আরজুর গ্রেপ্তারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০-৩৫ জন ভুক্তভোগী এসআরবির সঙ্গে যোগাযোগ করেছেন।

তাদের অনেকেই বিদেশে বিপজ্জনক পরিস্থিতি থেকে পালিয়ে দেশে ফিরতে সক্ষম হয়েছেন বলে জানানো হয়।

এসআরবি জানায়, তারা আরও প্রায় ৩০০ সম্ভাব্য ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ রাখছে। বিভিন্ন ঘটনা, মামলা, অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাদের প্রাথমিক ধারণা—এই চক্রের হাতে পড়ে ২ হাজারের বেশি বাংলাদেশি প্রতারণা ও মানবপাচারের শিকার হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজু স্বীকার করেছেন যে, তিনি প্রায় ১২ বছর ধরে অবৈধ মানবপাচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, তিনি বিদেশ লোক পাঠানোর জন্য বিভিন্ন অনুমোদনহীন এজেন্সির নাম ব্যবহার করতেন। তদন্তকারীরা 'আরজু ইমিগ্রেশন লিমিটেড' এবং 'নাফিস এয়ার ইমিগ্রেশন লিমিটেড'-এর নাম ব্যবহারের তথ্য পেয়েছেন।

চক্রটি মূলত দেশের বেকার যুবক ও প্রত্যন্ত অঞ্চলের নারীদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিত।

এসআরবি আরও জানায়, আরজুর একটি ব্যাংক হিসাবে গত এক বছরে ১ কোটি ৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। ভুয়া ভিসা ও কাগজপত্র ব্যবহার করে নারীদের বিদেশে পাচার করা এবং প্রলোভন দেখিয়ে নেওয়ার পর তাদের নিপীড়নের শিকার হতে বাধ্য করার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, অনেক নারীকে বন্দি করে রাখা হতো, শারীরিক নির্যাতন চালানো হতো এবং সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, মিশরে থেকে কামরুন নাহার ও আনজুমান আক্তার পালিয়ে যেতে সক্ষম হন এবং পরে ভিডিওবার্তার মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতনের কথা পরিবারকে জানান।

বেশ কয়েকজন নারী এখনো মিশরে আটকা পড়েছেন বা বন্দি অবস্থায় আছেন জানিয়ে এসআরবি বলছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এসআরবির তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মানবপাচার মামলায় সারা দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ২২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরজু রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার সহযোগী ও পাচার চক্রের অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন । জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর ফেনীতে এটিই তার প্রথম সফর। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বেলা দুইটায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বেলা তিনটায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন। রাত নয়টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে প্রস্তুতি শেষ পর্যায়ে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। পরশুরামের মুহুরী নদী–সংলগ্ন ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থলের অবকাঠামো তৈরির প্রস্তুতিও প্রায় শেষ। উদ্বোধনী ফলকও এরই মধ্যে স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সভাস্থলে পানির ট্যাংক, পোর্টেবল টয়লেট স্থাপনসহ স্যানিটেশন–ব্যবস্থার কাজ চলছে। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম আঞ্চলিক প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করা হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, সভাস্থলে নিরাপত্তাব্যবস্থাকে তিনটি জোনে ভাগ করা হবে। এগুলো হলো রেড, ইয়েলো ও হোয়াইট জোন। রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন, তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হবে। ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড। যারা এই কার্ড পাবেন, তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে, সেটি বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। এই জোনে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন। জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ, পিজিআর ছাড়াও সীমান্ত এলাকা হওয়ায় নয় প্লাটুন বিজিবি, তিন হাজারের মতো পুলিশের বিভিন্ন বিভাগের সদস্য, এসআরবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন। ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ফেনী প্রধানমন্ত্রীর নানার বাড়ি। এই এলাকায় প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মানুষ প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। আরটিভি/এমএ
ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
জাতীয় কন্যা শিশু দিবস আজ 
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস।
জাতীয় কন্যা শিশু দিবস আজ 
বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের
বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 
বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
এবার ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে আরও দুই দেশ, মিলল ইঙ্গিত
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা