
ইউরোপের বিভিন্ন দেশে বোমা হামলার ভুয়া হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ইতালির তিন শতাধিক স্কুল খালি করা হয়েছে। একই ধরনের হুমকির বার্তা পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এসব হুমকিকে ভুয়া বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির স্কুলগুলোতে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। এতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সরিয়ে নেওয়া হয়। অনেক অভিভাবক কাজ ফেলে সন্তানদের নিতে স্কুলে ছুটে যান।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এসব হুমকিতে বাস্তবে কোনো বিপদের আশঙ্কা নেই। পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়াই এ ধরনের ঘটনার উদ্দেশ্য। তবে এর পেছনে সব সময় বিদেশি শক্তি বা শত্রুপক্ষের হাত থাকে না, আতঙ্ক ছড়াতে আগ্রহী ব্যক্তিরাও এমন কাজ করতে পারে।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে সুপারমার্কেট, রক্ত সংরক্ষণাগার, বিমান চলাচল ও টেলিভিশন সম্প্রচারকেন্দ্রে সাইবার হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাশিয়া ও ইরানের সংশ্লিষ্টতার সন্দেহ করা হলেও দেশ দুটি অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ




