
মক্কা-মদিনায় কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, মক্কা-মদিনায় কোনো থ্রেট এলে আমরা বসে থাকবো না। আমরা অবশ্যই তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার প্রশ্নে শামা ওবায়েদ বলেন, আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দেইনি। যেহেতু আমরা মক্কা প্যাক্টে আনুষ্ঠানিকভাবে এখনো যোগ দেইনি। সুতরাং, সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না। সৌদি আরবে যে ঘটনাটা ঘটছে, সেটা আমরা সৌদি আরবের সরকার এবং দেশটির মানুষের প্রতি একাত্মতা ঘোষণা করেছি। এটা আমরা অবিলম্বে বন্ধ চাই।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে। এটা অবিলম্বে বন্ধ হোক। সৌদি সরকার এবং মানুষের পাশে আমরা আছি।
সম্প্রতি মক্কা-মদিনার ইস্যুতে বাংলাদেশ কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে শামা ওবায়েদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মক্কা-মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা কূটনীতি না, আমাদের একটা আবেগও কাজ করে। সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মক্কা মদিনায় যদি এরকম কোনো থ্রেট আসে, সেটা বাংলাদেশি যারা আমরা মেজরিটি মুসলমান আছি; আমরা বসে থাকবো না। অবশ্যই তাদের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দেব।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমাদের দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। আর ২৪ জনেরও অধিক বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজন আইসিইউতে আছেন। আমরা আশা করব যে, এই অবস্থা অবসান ঘটবে শিগগিরই এবং এই যুদ্ধ বন্ধ হবে। কারণ সাধারণ মানুষ নিহত হচ্ছে, পরিবারগুলো ধ্বংস হচ্ছে।
আরটিভি/এসএইচএম


