ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ৮১ কিলোমিটার দীর্ঘ এ পথ পুরোটাই হবে এলিভেটেড।

তিনি বলেন, ‘এতে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার, ফলে ঢাকা থেকে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা হ্রাস পাবে। পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের পর প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে চার বছর।’

এলপিজির সরবরাহ ও বাজার তদারকিতে ডিসিদের নির্দেশনা

এলপিজির দামের ক্ষেত্রে কিছু এলাকায় অস্থিরতা রয়েছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার ও জ্বালানি মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে জ্বালানি বিভাগের একটি ভার্চ্যুয়াল সভা হয়েছে। সেখানে কয়েকটি পদক্ষেপ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

‘প্রত্যেক জেলা প্রশাসককে তার অধিক্ষেত্রে কর্মরত সব এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট অপারেটরের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ও মাস্টার ডিস্ট্রিবিউটর কত পরিমাণ এলপিজি পেয়েছেন, সেই তথ্য পরিমাণসহ সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্যে সংশ্লিষ্টদের বিস্তারিত পরিচয়ও থাকতে হবে।’

জেলা প্রশাসকদের অবিলম্বে জেলার বিদ্যমান এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারদের সঙ্গে সভা করে সরবরাহ, বিতরণ ও বাজারজাতকরণের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।

এলপিজি সরবরাহের পুরো চ্যানেল অনুসরণ করে তথ্য সংগ্রহ করতে হবে, যাতে সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের শনাক্ত ও যাচাই করা যায়। কোনো অপারেটর, ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটরের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের ডিলারের পাওয়া তথ্যের উল্লেখযোগ্য অসামঞ্জস্য দেখা গেলে তা পৃথকভাবে চিহ্নিত করতে হবে।

এলপিজি সরবরাহে অস্বাভাবিক ঘাটতি, সরবরাহ চ্যানেলে বিচ্যুতি অথবা অপারেটর থেকে ডিলার পর্যায় পর্যন্ত সরবরাহ করা পরিমাণে উল্লেখযোগ্য অসামঞ্জস্য পাওয়া গেলে জেলা প্রশাসককে বিষয়টি জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হলে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন জাহেদ উর রহমান।

উপদেষ্টা বলেন, ‘আমরা আশাকরি, জ্বালানি নিয়ে কিছুটা অস্থিরতা যেটা আছে, এলপিজি নিয়ে বিশেষ করে যেটা মানুষের খুব বেসিক একটা নিড, হাউজহোল্ড একটা প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল জিনিস আমরা এভাবে বলব, সে সংকট কেটে যাবে।’

২০৩০ সালের মধ্যে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার উদ্যোগ

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের খাদ্য সংরক্ষণ বা মজুতের সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ সক্ষমতা ২৪ লাখ টনের কিছু বেশি।

বর্তমান সক্ষমতার মধ্যে প্রায় ৯২ হাজার টন বিভিন্ন কারণে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এর মধ্যে পুরোনো অবকাঠামো ও নদীভাঙনের মতো বিষয় রয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলেন, বর্তমানে খাদ্য মজুতের সক্ষমতা ২৪ লাখ টনের কিছু বেশি। ২০৩০ সালের মধ্যে তা ৩৪ লাখ টনে উন্নীত করা হবে।

৬০টি ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ৬০টি ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২১টি ডে কেয়ার সেন্টারের কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, নারীরা এখন ক্রমবর্ধমান হারে কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছেন। কর্মজীবী নারীদের সন্তানদের দেখাশোনা করা একটি বড় সংকট। বেসরকারি পর্যায়ে যেসব ডে কেয়ার সেন্টার রয়েছে, সেগুলোর মধ্যে ভালোমানের প্রতিষ্ঠানগুলো বেশ ব্যয়বহুল। ফলে কম আয়ের অনেক নারী ও মা এসব সেবা নিতে পারেন না।

সরকারি উদ্যোগে ডে কেয়ার সেন্টার চালু হলে তা মায়েদের জন্য বড় সহায়তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ক্রিটিক্যালিটি অর্জন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছে। ২০২৬ সালের ১১ অক্টোবর বিকেল ৩টা ৩৪ মিনিটে ইউনিটটির রিঅ্যাক্টরে সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জিত হয়।

তথ্য উপদেষ্টা বলেন, ‘এর মাধ্যমে রিঅ্যাক্টরের কোরে স্বয়ংসম্পূর্ণ ও টেকসই নিউক্লিয়ার ফিশন চেইন রিঅ্যাকশন শুরু হয়েছে। ক্রিটিক্যালিটি অর্জনের পর চুল্লিপাত্রের গুরুত্বপূর্ণ সব মাপকাঠি নির্ধারিত সীমার মধ্যে রয়েছে এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া চালু হয়েছে।’

তিনি বলেন, খুব দ্রুতই প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ করা হবে। শুরুতে অল্প পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে, পরে তা পর্যায়ক্রমে বাড়ানো হবে। বাংলাদেশের বিদ্যুৎ সংকটের সময়ে এটি নিশ্চয়ই একটি ভালো খবর।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে’
দেশ ও বিশ্বজুড়ে নীতি-নৈতিকতার অবক্ষয় ঘটছে, যার প্রভাব কোনো পেশার মানুষই এড়াতে পারছেন না। তবে অন্যান্য পেশার তুলনায় সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব বেশি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে’
সীমান্তসহ সারাদেশে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা রোধে সরকার সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সীমান্তসহ সারাদেশে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে হবে হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে কিংবা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করা হবে। বাংলাদেশের আইন সবার শ্রদ্ধা করা উচিত। একইভাবে অন্য দেশের আইনকেও সংশ্লিষ্ট দেশগুলোর সম্মান জানাতে হবে। ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলার উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে নিয়ে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। এরই মধ্যে পরিকল্পনা দল প্রাথমিক ধাপ পেরিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে। তিনি আরও বলেন, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার। সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। ঢাকার যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে শহরে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া। আরটিভি/এসআর
লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে হবে হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো বিভ্রান্তিকর এবং মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
আলোচনায় প্রত্যর্পণ চুক্তি, কী আছে এতে
বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ব্যাপকভাবে আলোচনায় আসে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি, যা এখনও চলমান।
আলোচনায় প্রত্যর্পণ চুক্তি, কী আছে এতে
আরও পড়ুন
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
‘এক সপ্তাহে ২১৩ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’ 
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে: তথ্য উপদেষ্টা