
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান- বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইশরাক হোসেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি সাংবাদিকদের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনও নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত আমরা দল থেকে নিই তাহলে সেটি নিয়ে কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না- এরকম কোনো প্রেস কনফারেন্স যেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেরকম অনুষ্ঠান করে করা হবে।
তিনি আরও বলেন, যে বা যারা এ তথ্য দিয়েছে তারা উড়ো খবরকে আপনাদের কাছে খবর হিসেবে প্রচার করছে। আমি আপনাদের অনুরোধ করব এই বিষয় নিয়ে সবাই সতর্ক থাকবেন।
এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী এবং সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।
আরটিভি/এমএইচজে



