
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এবার সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিক্রিয়ায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না।’
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে হুমায়ুন কবিরকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকারের সঙ্গে একটা ভালো, গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এটা নতুন একটা উচ্চতায় ইনশাআল্লাহ যাবে এবং যাচ্ছে।
তবে, আলোচিত এই ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, আমরা ব্যাখ্যা চেয়েছি আমাদের বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবের কাছে। এখানে অবশ্যই একটা তথ্যের ঘাটতি ছিল। কোথায়, কোন জায়গায় ত্রুটি আছে আমরা এটা খতিয়ে দেখার জন্য কথাবার্তা বলছি।
ওই দুই বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী বলেন, যে অভিযোগ এনে বা যে অপরাধের কথা বলে এই শাস্তি কার্যকর হলো, এটাও আমাদের জন্য বেশ হতাশাজনক। আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র নিয়তেই হয়। তো মৃত্যুদণ্ডের যে কারণ পেলাম, এটা যদি হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশার, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।
হুমায়ুন কবির বলেন, যদি অপরাধ হয়ে থাকে, এটার একটা আইন আছে, তাদের লোকাল আইন আছে। সৌদি আরবে যে যায়, সে জানে ওখানে গেলে কী দণ্ডনীয় অপরাধ, এটা পরিষ্কার। আমাদের এখন যে ঘাটতি আছে তথ্য ও যোগাযোগের, এটা নিয়ে আমরা সৌদি আরবের কাছে একটা ব্যাখ্যা চেয়েছি।
এরপর ওই দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘তাদের পরিচয় গণমাধ্যমের খবরে এসেছে। বিদেশে কোনো বাংলাদেশি অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বাংলাদেশকে অবহিত করা গুরুত্বপূর্ণ। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ থাকে।
হুমায়ুন কবির আরও বলেন, পবিত্র স্থানে মানুষ পবিত্র উদ্দেশ্য নিয়ে যান। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধ সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দেশের স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।
এসময় সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদেরকে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানালেন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরটিভি/এসএইচএম



