
বাংলাদেশিদের জন্য বিশেষভাবে ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেছেন, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’র (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন।
এসময় ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরেন ইমক্যাবের প্রতিনিধিরা। দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভিসা পেতে ভোগান্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে ভারতীয় হাইকমিশন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারতের লোকদের মধ্যে যাতায়াত যত বাড়বে, পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্কও তত গভীর হবে।’
এসময় ইমক্যাবের বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকে উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি


