
পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। এই সভায় নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে তারা আজ প্রস্তাব জমা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি প্রস্তাব তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, সভায় উপস্থাপনের জন্য আমরা এখনো ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছি। বিভিন্ন শ্রমিক সংগঠন এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাবের ভিত্তিতে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করব।
বাবুল আখতার আরও বলেন, শ্রমিকদের বর্তমান দাবি অনুযায়ী প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা অথবা এর চেয়েও বেশি হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানান, শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা ও কারখানা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।
এর আগে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয় ওই সভায়।
দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর সেটির বিভিন্ন দিক, মজুরির যৌক্তিকতা এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রস্তাবের কোনো বিষয়ে সংশোধন বা আরও উন্নয়নের প্রয়োজন হলে সে বিষয়েও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে বোর্ড।
উল্লেখ্য, বিদ্যমান বেতন কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের অসন্তোষের মুখে তাদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।
আরটিভি/এসএইচএম


