
জাতীয় সংসদে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের মধ্যে ঐক্যমতের মাধ্যমে যেকোনো জটিলতা ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিধি ১৪৭-এর অধীনে একটি সাধারণ প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে সংসদীয় দলগুলোর পারস্পরিক সমঝোতা ও মতবিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অধিবেশনের শুরুতে পাবনা-১ আসনের সংসদ সদস্য নজিবুর রহমানের আনা সাধারণ বিধি ১৪৭-এর একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। তবে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এবং রাত গড়িয়ে যাওয়ায় প্রস্তাবটি পরবর্তী কোনো দিনে আলোচনার জন্য ডেফার (স্থগিত) করার প্রস্তাব করা হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম মনির পক্ষ থেকে জানানো হয় যে, পরদিন ‘প্রাইভেট মেম্বারস ডে’ নির্ধারিত থাকায় এবং সেদিনের কার্যতালিকা ও সিদ্ধান্ত প্রস্তাবে অনেক সদস্যের দীর্ঘ বক্তব্য থাকার সম্ভাবনা থাকায়, ১৪৭ বিধির আলোচনাটি রোববারের পরে নির্ধারণ করা সুবিধাজনক হবে। তবে এ বিষয়ে কোনো আপত্তি না থাকলে কালকেও আলোচনা হতে পারে বলে জানানো হয়।
প্রাথমিকভাবে সংসদ সদস্য নজিবুর রহমান প্রস্তাবটি বৃহস্পতিবার (পরের দিন) আলোচনার পক্ষে মত দিলেও, পরবর্তীতে সার্বিক সময় ও কাজের পরিধি বিবেচনা করে চিফ হুইপের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং আগামী রোববারে আলোচনাটি রাখার বিষয়ে সম্মত হন।
সেসময় ডেপুটি স্পিকার বলেন, চিফ হুইপ সাহেব, দেখলেন তো আলোচনাই কাজে লাগে, প্লিজ ইন্টারাকশন বাড়ান, তাহলেই ভালো হবে।
আলোচনাকালে ডেপুটি স্পিকার আরও উল্লেখ করেন, ইতিপূর্বে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছেন। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে এই সংসদের সবাই ঐক্যবদ্ধ থাকার ফলেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যান্য ইস্যুতে মতপার্থক্য থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সবাই ঐক্যবদ্ধ থাকবে—জাতি এমনটাই প্রত্যাশা করে এবং এর মাধ্যমেই শহীদদের আত্মা শান্তি পাবে।
ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের মধ্যকার পারস্পরিক যোগাযোগ জাতির স্বার্থে আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ডেপুটি স্পিকার।
আরটিভি/এসএস


