
হাজং সম্প্রদায়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর স্কুল মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একসময় এ অঞ্চলে হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের প্রচুর অর্থ-সম্পদ ও ঐশ্বর্য ছিল। নানা কারণে সময়ের সঙ্গে তাদের সেই অবস্থান সংকুচিত হয়েছে। পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য দেশ-বিদেশে পরিচিত করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক, দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সবাইকে নিয়ে বাংলাদেশকে ‘রংধনু জাতি’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

ডেপুটি স্পিকার আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষ ত্যাগ স্বীকার করেছেন। তাই অর্জিত গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশকে কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তিতে পরিণত হতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা কোনো একক ব্যক্তির অবদানে আসেনি। সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ত্যাগের মধ্য দিয়েই দেশ স্বাধীন হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ সময় পুলিশ প্রশাসন, বিজিবি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হাজং সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরটিভি/জেএমএ



