ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আগামী বছরের জানুয়ারি থেকে প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে একটি সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের পথ সুগম হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ চলাকালীন সরকার মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

পাঁচ দিনব্যাপী এই উৎসবটি আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আমরা এটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছি। আমরা যদি চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন নিতে পারি, তাহলে জানুয়ারি থেকেই এর বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে আমাদের।

তিনি জানান, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির কাছ থেকে যাচাইকৃত মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার আশা করছে বিটিবি।

বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী যাতে আনুষ্ঠানিকভাবে নথিটি উন্মোচন করতে পারেন, সেজন্য নির্ধারিত সময়ের মধ্যেই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিটিবি প্রধান।

প্রস্তাবিত এই ঘোষণাটি বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য একটি বড় মাইলফলক হয়ে থাকবে।
২০১৯ সালে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর থেকেই এই খাতটি একটি সমন্বিত জাতীয় উন্নয়ন রূপরেখার অপেক্ষায় রয়েছে।

কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা ও বিগত সরকারগুলোর আমলে দফায় দফায় পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছে।

মহাপরিকল্পনার লক্ষ্য ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র

জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, এই নথিতে ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্যে পরিণত করা।

মহাপরিকল্পনাটিতে দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ বা আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই রূপরেখায় সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ, ক্রুজ ও ‘মাইস’ (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণেরও সুপারিশ করা হয়েছে এতে।
এর পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার একটি বড় সুপারিশও রাখা হয়েছে।

জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু

ফারুকী জানান, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সরকার ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা নিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ কেবল হোটেল, রিসোর্ট ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ করা নয়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো জানুয়ারি থেকেই মহাপরিকল্পনায় উল্লিখিত কার্যক্রমগুলো বাস্তবায়ন শুরু করা। প্রাথমিক কার্যক্রমের মধ্যে গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের অংশীদারদের মধ্যে সমন্বয় সাধনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

মহাপরিকল্পনাটিতে দায়িত্বশীল প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের বিকল্প উৎস, প্রকল্পের অগ্রাধিকার ও তদারকি ব্যবস্থা নির্ধারণ করে একটি বাস্তবায়ন কাঠামোরও প্রস্তাব দেওয়া হয়েছে।
পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করতে এতে প্রাথমিক অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুপারিশ করা হয়েছে।

পর্যটন উন্নয়নে সরকারের অগ্রাধিকার

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা তৈরি করছে।

তিনি বলেন, সরকার পর্যটনকে একটি অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করেছে এবং মহাপরিকল্পনার অধীনে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য সরকার ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে। দেশের আতিথেয়তা খাতের জনবলকে আরও দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউটও গড়ে তোলা হচ্ছে।

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংসদে জানান, সরকার প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করছে।

তিনি বলেন, এর পাশাপাশি কমিউনিটি-ভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার ও পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নত করার উদ্যোগের পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

কার্যকর বাস্তবায়ন চান শিল্পখাতের অংশীজনরা

পর্যটন শিল্পের অংশীজনরা বারবার এই মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।
তারা জোর দিয়ে বলছেন, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা ও পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী পর্যটন প্রতিষ্ঠান, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মানোন্নয়নের পক্ষে মত দিয়েছেন।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা ও সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, মহাপরিকল্পনাটিতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন ও উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারে ভেজাল ও নকল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবা প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। 
সারে ভেজাল ও নকল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
জলবায়ুজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উন্নত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় গড়ে ওঠা জাতিসংঘের বর্তমান কাঠামো দিয়ে আজকের পরিবর্তিত বিশ্ব পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।  তিনি বলেছেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের কাঠামো এখনো আগের মতোই রয়ে গেছে। তাই বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি।  সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদ সংস্কার, রোহিঙ্গা গণহত্যার বিচার, আন্তর্জাতিক সংঘাত এবং মাঠপর্যায়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে কথা বলেন ড. খলিলুর রহমান। নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন ও শক্তিধর দেশগুলোর একক কর্তৃত্ব নিয়ে সাংবাদিক জাফর হাসনাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময়কার বাস্তবতার সঙ্গে বর্তমান বিশ্বের ব্যাপক পার্থক্য রয়েছে।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে অনেক পরিবর্তন এসেছে। অথচ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও কাঠামো এখনো অপরিবর্তিত রয়েছে। নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি ইতোমধ্যে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন বলেও জানান। আফ্রিকার প্রতিনিধিত্বের প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় বৈষম্যের শিকার মহাদেশগুলোর একটি আফ্রিকা। নিরাপত্তা পরিষদে আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির কোনো স্থায়ী প্রতিনিধিত্ব নেই। তাঁর ভাষায়, ‘আফ্রিকাকে সিদ্ধান্তের টেবিলে থাকতে হবে, তারা কোনো মেনু হতে পারে না।’ তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী বা অস্থায়ী সদস্যপদের কাঠামো পরিবর্তন করতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন। ফলে রাতারাতি এ সংস্কার সম্ভব নয়, বরং ধাপে ধাপে এগোতে হবে। তাঁর সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভেটোর মুখে আটকে যাওয়ার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাত ও ভেটো প্রয়োগের কারণে গুরুত্বপূর্ণ অনেক আন্তর্জাতিক সংকটে পরিষদ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্র বহিষ্কারের বিধান থাকলেও ইতিহাসে এর প্রয়োগ অত্যন্ত বিরল। অতীতে চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো সদস্য রাষ্ট্রকে সরাসরি বহিষ্কারের নজির নেই। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বিষয়ে আগামী ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের ঘটনায় আইসিজে তার বিচারিক এখতিয়ার অনুযায়ী ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার সঙ্গে মাঠপর্যায়ে জাতিসংঘের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে এক করে দেখা ঠিক নয়। জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তা বাস্তবসম্মত নয়। কারণ আজ সংস্থাটি বিলুপ্ত করা হলে বিশ্বশান্তি ও সহযোগিতার স্বার্থে আগামীকালই আবার নতুন করে এমন একটি সংস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা ও বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্বের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ এখনো জাতিসংঘের ওপর আস্থা রাখে। মাঠপর্যায়ে জাতিসংঘের অবদানের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নে তীব্র সংকট থাকলেও জাতিসংঘের কান্ট্রি টিম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছিল। এ কাজে স্থানীয় প্রতিষ্ঠান, জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদেরও যুক্ত করা হয়েছিল। এতে অর্থসংকটের মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়, এমনকি কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকার, জাতিসংঘের স্থানীয় দল এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের মতে, কঙ্গোয় সাধারণ মানুষের জীবন রক্ষা ও সেবা প্রদানে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকর ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন জাতিসংঘের বহুপক্ষীয় প্রক্রিয়ারই অংশ। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি করে জাতিসংঘ। সংস্থাটির অনুপস্থিতিতে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্ভব হতো না। জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। অতীতে নয়বার মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদেরই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে নিয়োগ দিয়েছে। আরটিভি/এসআর
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার প্রসারের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুরা উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।  তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।  সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। এছাড়া পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এ ছাড়াও অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী