ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
ছবি: সংগৃহীত

রোববার ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে। এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদী নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে হবে। বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।

এসকেডি/ আরটিভি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব পদ সৃজন করা হয়েছে। এ সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ অর্থ থেকে নির্বাহ করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে। অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ গ্রেড-১৭-তে সৃজন করা হয়েছে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর এ বিষয়ে সম্মতি প্রদান করে। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে। এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়েছে।  পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকেন। অন্যদিকে এসআইগণ অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে মাঠ পর্যায়ে পুলিশি কার্যক্রম আরো গতিশীল করার ক্ষেত্রে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরটিভি/এসআর  
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট
বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। 
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী সাকীর মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। 
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী সাকীর মতবিনিময়
আরও পড়ুন
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর