ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী সাকীর মতবিনিময়

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ অন্যান্য অতিথিবর্গ।

সভায় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তারা বলেন, বিদ্যালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে ক্লাস রুটিন পুনঃনির্ধারণ করা প্রয়োজন। তারা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সূচি নির্ধারণের প্রস্তাব দেন। এর সঙ্গে সংগতি রেখে মধ্যাহ্ন বিরতি বাতিল এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর দাবি জানান। তাদের মতে, মিড ডে মিল চালু হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হবে এবং উপস্থিতিও বাড়বে।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষকরা বলেন, বর্তমান অনুপাত যথাযথ নয়। এতে পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি মনোযোগ ব্যাহত হচ্ছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও শৃঙ্খলার স্বার্থে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা। তাদের মতে, শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিবিড় যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের ফলাফল ও আচরণে ইতিবাচক পরিবর্তন আসে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলী, নতুন পে-স্কেলের সাথে সমন্বয় করে বেতন নির্ধারন, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়াসহ অন্যন্য বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অবকাঠামোগত সমস্যা নিয়েও সভায় আলোচনা হয়। শিক্ষকরা বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে বাউন্ডারি নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেন। আধুনিক ও যুগোপযোগী পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করারও দাবি জানান তারা।

শিক্ষকদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে। শিক্ষকরা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।

শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ) বাড়াতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে তাতে অংশ নিতে পারে।

শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। ম্যানেজিং কমিটিকেও সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে গৃহীত সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

এসকেডি/ আরটিভি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ। শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৬২ প্রকারের ফল নিয়ে ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী বিতরণ করবে সংগঠনটি। কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন এসব কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের নেতৃত্ব, দেশ গঠনে ইতিবাচক রাজনীতির চর্চা এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার ভাবনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে পাঁচটি স্থানে স্টারলিংক সংযোগ চালু করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের পরিচিতি ও অবস্থান তৈরি করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, নানা কর্মসূচি গ্রহণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, নানা কর্মসূচি গ্রহণ
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
বিশ্ববিদ্যালয়গুলোর নীতিনির্ধারণী ও প্রশাসনিক পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
আরও পড়ুন
সফেন ফ্যামিলির আজীবন সম্মাননা পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি, উপজেলা হাসপাতাল হবে ১৫১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা, বললেন ‘আওয়ামী লীগের চোর’