মজুরি বোর্ডের দীর্ঘ ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) ১৭,০০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। যা ২০২৩ সালে নির্ধারিত ১২,৫০০ টাকার তুলনায় ৪,৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আর গ্রেড-১ এ ৪৩ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে।
সংশোধিত শ্রম আইন অনুযায়ী, পূর্বে ৫ বছর পরপর মজুরি কাঠামো পর্যালোচনা করা হলেও এবার মাত্র ৩ বছরের ব্যবধানে নতুন এই বেতন কাঠামো ঘোষণা করা হলো। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।
নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রেডে কত শতাংশ বেতন বাড়ানো হয়েছে
গ্রেড
নতুন ন্যূনতম মজুরি
৩ বছরে বৃদ্ধির হার
গ্রেড-১
২১,৫০০ টাকা
৪৩%
গ্রেড-২
২০,০০০ টাকা
৪০.১১%
গ্রেড-৩
১৯,২০০ টাকা
৪০.২২%
গ্রেড-৪
১৭,০০০ টাকা
৩৬%
আরটিভি/এসআর