
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনি কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে।
প্রস্তুতির শেষ ধাপে রোববার (২৯ নভেম্বর) থেকে তিনদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। আগামী ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে ইসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে।
ইসির শীর্ষ কর্মকর্তারা জানান, নির্বাচনের ৪৫ দিন আগে ডিসেম্বরের প্রথম দিকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
ইসির কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের প্রচেষ্টা থাকবে ইসির। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
তারা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী ইউপি নির্বাচন হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন হবে।
তিনি বলেন, যথাসময়ে নির্বাচন না হওয়ার কোনো কারণ আমরা দেখছি না। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে রোববার (২৯ নভেম্বর) থেকে আমরা পরপর তিনদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করব। আগামী ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা হবে। প্রথম ধাপের ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে এসব কাজ করা হচ্ছে।
ইসি সচিব জানান, ভোটার তালিকা প্রকাশ, আইন সংশোধনসহ ইউপি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।
৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার জানান, তিনদিনে মোট ৫৫টি দলের সঙ্গে মতবিনিময় হবে।
২৯ নভেম্বর প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ নভেম্বর ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন
পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানায়, ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ ধাপে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।
ভোটার তালিকা হালনাগাদ
বুধবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি।
তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।
গত ৩১ আগস্ট থেকে এ পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। এই ভোটার তালিকা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন করা হবে বলে জানান ইসি সচিব।
বিধিমালা সংশোধন
ইসির হালনাগাদকৃত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় নির্বাচনী অপরাধের জন্য শাস্তি, প্রার্থিতা বাতিল এবং অনিয়মপূর্ণ ভোটকেন্দ্রের ফলাফল স্থগিতের ক্ষমতা স্পষ্ট করা হয়েছে।
বিধিমালার ৮০(ক) অনুযায়ী, নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যক্তিকে হুমকি দেওয়া, ভয়ভীতি দেখানো, আঘাত করা কিংবা বলপ্রয়োগের মাধ্যমে দায়িত্ব পালনে বাধা দেওয়া বা বাধা দেওয়ার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ।
একইভাবে কমিশন অনুমোদিত গণমাধ্যম প্রতিনিধি ও পর্যবেক্ষকের কাজে বাধা দেওয়া, তাদের শারীরিক ক্ষতি করা কিংবা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জাম নষ্ট করাও অপরাধ হিসেবে গণ্য হবে।
কোনো ভোটারকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া কিংবা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। এসব অপরাধে দোষী সাব্যস্ত হলে অনধিক দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।
এ ছাড়া ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে উপস্থিত বা অপেক্ষমাণ কোনো ব্যক্তিকে ভোট দিতে বাধা দিয়ে কেন্দ্র ত্যাগে বাধ্য করার চেষ্টার ক্ষেত্রেও সংশোধিত বিধিমালায় কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সূত্র: বাসস
আরটিভি/আইএম



