
ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
শাহবাগ থানা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামি করা হয় ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ জনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসীম উদ্দীন হলের সভাপতি ইয়াদ আল রিয়াদ, কেন্দ্রীয় নেতা মাহবুব হাসান নিলয়। এদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ একাধিক নেতাকর্মীর ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে হামলা করা হয়। এ হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেন ভিপি নুর। মঙ্গলবার সন্ধ্যায় নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
এসএস




