
সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) ৬ সদস্যরা সংগঠনকে শক্তিশালী করা ও কারাগারে বন্দী সদস্যদের জামিনের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তারা নানা পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ কোনও স্থাপনায় ধ্বংসাত্মক কার্যকলাপ ও বড় ধরনের নাশকতা চালানো।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত ছিল। এই গ্রুপের ১২ জন সদস্য গত ৪ মার্চ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তারের পর নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল। ঢাকার কোনও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক কার্যকলাপসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তারা বাড্ডার সাতারকুল এলাকায় মিলিত হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বাড্ডার সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে হুজির একটি ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন- হুজির ডাকাত দলনেতা মো. বিল্লাল হোসেন (২৫), আবুল মিয়া (৩৫), আকতার হোসেন (৩৪), আব্দুর রহমান (৩০), মো. রফিকুল ইসলাম (২৯) ও নুর আলম (২৮)।
এসএস




