
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালি এ ফল প্রকাশ করেন।
এদিন সব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার গড়ে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। মোট উত্তীর্ণ ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
কোন বোর্ডে পাসের হার কত?
মাদরাসা ৯৩ দশমিক ২২ শতাংশ, কারিগরি ৮৮ দশমিক ৪৯, চট্টগ্রাম ৯১ দশমিক ১২, বরিশাল ৯০ দশমিক ১৯, রাজশাহী ৯৪ দশমিক ৭১, সিলেট ৯৬ দশমিক ৭৮, ঢাকা ৯৩ দশমিক ১৫, ময়মনসিংহ ৯৭ দশমিক ৫২, কুমিল্লা ৯৬ দশমিক ২৭, দিনাজপুর ৯৪ দশমিক ৮০, যশোর ৯৩ দশমিক ৯ শতাংশ পাস করেছে।
কোন বোর্ডে জিপিএ ফাইভ কত?
মাদরাসা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। এ ছাড়া বরিশালে ১০ হাজার ২১৯ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন, রাজশাহীতে ২৭ হাজার ৯০৯ জন, ঢাকায় ৪৯ হাজার ৫৩০ জন, যশোরে ১৬ হাজার ৪৬১ জন, সিলেটে ৪ হাজার ৮৩৪, কুমিল্লা ১৪ হাজার ৬২৬, কারিগরিতে ৫ হাজার ১৮৭ জন এবং ময়মনসিংহে ১০ হাজার ৫২ জন জিপিএ ফাইভ পেয়েছে।
এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। এ ছাড়া ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
আরএ/এসকে




