
টিপসই
পাখনা ভারী হলে উড়তে ঘাটতি ঘটে
ফেস থেকে মেকআপ খসে গেলে
কোমলতার সাহচর্যে দেহ পায় ঝকঝকে সকাল;
এর পথ ধরে কিশোর বাসনায় ভেসে আসে ভবিষ্যদ্বাণী-
বারবার নিংড়ানো সুন্দরটুকু।
বৃদ্ধ অশ্বত্থের ছায়াতলে
আমাদের একটি আড্ডাখানা ছিল
আড়িপাতা পিঁপড়েরাও পৌঁছেছিল পৃথিবীর সব ছেড়ে
মোহ ফুটে থাকা আশ্রয়ের খোঁজে;
মৃত্যু নিশ্চিত জেনে
স্বেচ্ছায় টিপসই দিতে।

চেরাগ
সময়ের মুখোমুখি দাঁড়িয়ে দুটি চোখ চেয়েছিলাম
দৃষ্টির অবরোধ থেকে বেরিয়ে চেতনার নবাগত উত্থানে।
সময় একটি হাতঘড়ি পাঠালো
করুণ তিন কাঁটার পথ বলে গেল, একাই পাড়ি দিতে।
একটি বিধ্বস্ত শহরে, সুদীর্ঘ নিয়ম
অপুষ্ট সব আওয়াজ
নিথর চিত্রকল্পে রুদ্ধ বাতাস
ঘন হয়ে এলো চোখের সমাবেশ
একটি সাদা পৃষ্ঠা, অন্ধ ভবিষ্যৎ।




