
চলতি বছরের প্রথম ছয় মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কাছে ১ হাজার ১৭১টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার। অর্ধবার্ষিক হিসেবে গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি তথ্য চাইল সরকার।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যবহারকারীর তথ্য জানতে ৬৫৯টি অনুরোধ করা হয়েছে। এর মধ্যে ৪৯টি জরুরি (ইমার্জেন্সি ডিসক্লোজার রিকোয়েস্ট) অনুরোধ ছিল। এসব অনুরোধের ৬৬ দশমিক শূন্য এক শতাংশ অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছে সংস্থাটি।
এর আগে, গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৭১টি এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫২৫টি অনুরোধ করেছিল সরকার। ওই বছর যথাক্রমে ৫০ এবং ৬৬ দশমিক ৮৬ শতাংশ তথ্য সরবরাহ করে ফেসবুক; যা পূর্বের ছয় মাসের তুলনায় সাড়ে ১০ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে সবচেয়ে বেশি তথ্য চেয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ভারত, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্য।




