
তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করতে হলে দেশের শিক্ষাব্যবস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইউএনডিপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফিউচারনেশন জব উৎসব ২০২২’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, শুধু অঙ্ক, ইংরেজি বা বিজ্ঞান শিক্ষাই যথেষ্ট নয়। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ফ্রন্টিয়ার প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। ২০৪১ সাল নাগাদ দেশকে একটি জ্ঞাননির্ভর, উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা নির্ভর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে আইসিটি বিভাগ।
তিনি বলেন, ডিআইইউ-এর জব উৎসবে তিন হাজার শিক্ষার্থীর চাকরি নিশ্চিত হবে। দেশজুড়ে এই উৎসবের মাধ্যমে ১০ লাখ চাকরির সুযোগ তৈরি হবে।
প্রতিমন্ত্রী বলেন, জব ফেয়ার করার জন্য আমরা আইসিটি বিভাগের শেখ রাসেল আধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ দেব। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এআর, ভিআর সমৃদ্ধ ৩০০ স্কুল অব ফিউচারের অবকাঠামো ও সরঞ্জাম তারা ব্যবহার করতে পারবেন।
ডিআইইউ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েনের, ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, গ্রামীণফোন লিমিটেডের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন ও একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল।




