
সাড়ে পাঁচ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ আগস্ট।
বুধবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ২৪ (১) (ঘ) ধারানুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য পদে শিক্ষকদের মাধ্যমে নির্বাচিত দুইজন শিক্ষক প্রতিনিধি যাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং ২৬ (১) (ঝ) ধারানুসারে একাডেমিক কাউন্সিলের সদস্য পদে ডিসিপ্লিন প্রধান নন বিশ্ববিদ্যালয়ে এমন দুইজন সহযোগী অধ্যাপক ও দুইজন সহকারী অধ্যাপক প্রতিনিধির জন্য আগামী ৯ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ জুলাই, প্রাথমিক ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল ১৭ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২০ জুলাই, মনোনয়নপত্র সংগ্রহ ২৩ জুলাই সকাল ৯টা থেকে ২৫ জুলাই সকাল ১১টা পর্যন্ত, মনোনয়নপত্র দাখিল শেষ হবে ২৫ জুলাই, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ২৫ জুলাই বিকেল ৫টা, প্রার্থীতা প্রত্যাহার ৩০ জুলাই দুপুর ১২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ একই দিন দুপুর ১২টার পর। ৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন-২ এর চারতলার সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায়, ২০১৭ সালের ২১ ডিসেম্বর সর্বশেষ সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ১৯ জানুয়ারি এ নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




