
‘ফ্রিল্যান্সারদের আয়ের বিপরীতে ১০ শতাংশ কর দিতে হবে’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। এরপর দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়। তবে, বিষয়টি পরিষ্কার করে ফ্রিল্যান্সারদের সুখবর দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে তিনি বলেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না।
পলক বলেছেন, ফ্রিল্যান্সিং খাত আয়কর মুক্ত থাকবে। ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদেরকে ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়; যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
তিনি বলেন, সরকার গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও বিকাশে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনুদান, তাদের আইডিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। কিন্তু সম্প্রতি গুজব ছড়িয়ে একটি চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে বাংলাদেশের ফ্রিল্যান্সিং কাজের বাজারের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। ফ্রিল্যান্সাররা অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে আনছেন। একইসঙ্গে দেশের মধ্যে ব্লগ লিখে ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট বানিয়ে গুগল, ফেসবুক থেকেও আয় করছেন বহু মানুষ। ধারণা করা হচ্ছে, দেশে ১০ লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছেন।




