
মালয়েশিয়ার রাজার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. শামীম আহসান।
বুধবার (৮ নভেম্বর) মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নিগারায় দেশটির ১৬তম রাজা ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।
এ সময় তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মালয়েশিয়ার রাজা ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার রাজা। বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
পরিচয়পত্র পেশের পর মালয়েশিয়ার রাজা হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য মো. শামীম আহসানকে উষ্ণ অভিনন্দন জানান এবং হাইকমিশনারকে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মালয়েশিয়ার রাজা দুদেশের মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি সক্ষমতা-বৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করাসহ দুদেশের সম্পর্ক দৃঢ়তর করার আশাবাদ প্রকাশ করেন। পরিচয়পত্র পেশের আগে রাজদরবারের ‘প্রেস্টিজ গার্ড’ হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্যালুট প্রদান করে।
বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত আরও তিন বিদেশি রাষ্ট্রদূত-জর্ডানের ড. ইসমাইল মাইতাহ, সংযুক্ত আরব আমিরাতের ড. মুবারক সাঈদ আহমেদ বুরশায়েদ আল ধাহেরি ও চেক প্রজাতন্ত্রের জুরাজ কুদেলকাও তাদের পরিচয়পত্র পেশ করেন। পরে রাজার সঙ্গে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় যৌথ আলোচনায় হাইকমিশনার দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানকারী প্রথম দেশ হিসেবে মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। হাইকমিশনার মালয়েশিয়া সরকারকে বাংলাদেশিদের বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দাতুক মোহাম্মদ বিন আলামিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো সেরি আমরান বিন মোহাম্মদ জেইন, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




