
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। তবে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার সম্ভবনা সবচেয়ে কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা ক্ষীণ। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে।
মনোয়ার হোসেন আরও বলেন, মিগজাউম এখন পর্যন্ত সাধারণ ঘূর্ণিঝড়ের মতো আছে। তবে, এটি প্রবল ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিগজাউম রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




