
মুসলমানদের পবিত্র রমজান মাসে একটি বড় অনুষঙ্গ ইফতার। এই ইফতারকে ‘ইন্ট্যানজিবল সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
বুধবার (৬ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা জানায় প্রতিষ্ঠানটি।
ইউনেস্কোর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইফতারকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতির জন্য যৌথভাবে আবেদন করেছে ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান। তাদের আবেদনের প্রেক্ষিতেই এই স্বীকৃতি দেওয়া হয়।
ইউনেস্কো বলছে, ইফতার মুসলমানরা আরবি রমজান মাসে সূর্যাস্তের পর সব নিয়ম সম্পন্ন করে পালন করে। যার মাধ্যমে সব বয়স ও লিঙ্গের মানুষ (যারা রোজা রাখে) ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসের সমাপ্তি করে।
সংস্থাটি তাদের ওয়েবসাইটে আরও বলে, ইফতারের সময় মুসলিমরা পরিবার বা নিজ সম্প্রদায়ের সবাই একসঙ্গে মিলিত হয়। যার মাধ্যমে তাদের বন্ধন আরও শক্তিশালী হয়। এ সময় বিভিন্ন ধরনের ঐতিহ্যগত খাবার তৈরি করে একসঙ্গে ইফতার সম্পন্ন করেন। এই প্রক্রিয়া চলাকালীন, অভিভাবকেরা রোজার উপকারিতা এবং ইফতারের সামাজিক মূল্যবোধ ও কার্যাবলী সম্পর্কে আলোচনা মাধ্যমে তুলে ধরেন নিজ নিজ পরিবার ও সমাজে।




