
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুদেরকে ভিটামিন-এ প্লাস (নীল ও লাল রঙের ক্যাপসুল) খাওয়ানো হব। এই টিকা খাওয়াতে কেউ যেন গুজবে কান না দেয়। ভিটামিন-এ প্লাস ক্যাপসুল একেবারেই নিরাপদ এবং অত্যন্ত উপকারী। ভিটামিন-এ প্লাস ক্যাপসুল শিশুদের অন্ধত্ব দূর করার পাশাপাশি বামনত্ব প্রতিরোধ করে। এই টিকা দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সকল ধরনের মৃত্যুহার ২৪ শতাংশ কমায়। হাম, ডায়রিয়া ও নিউমোনিয়াজনিত কারণে মৃত্যুরোধ করে। এই টিকা জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের সকল ৬-৫৯ মাস বয়সী শিশুকে খাওয়াতে হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিশুদের জন্য ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজধানীর মহাখালী নিপসম সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, টিকাদানে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। টিকাদানে আমাদের সফলতা বিশ্বব্যাপী স্বীকৃত। এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫ শত শিশুর ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ শিশুকে নীল রঙের এবং ১১-৫৯ মাস বয়সী ২ কোটি ৩০ লাখ ২ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন চলবে আজ ১২ ডিসেম্বর থেকে আগামী ৪ দিন ১৫ ডিসেম্বর বিকেল ৪ টা পর্যন্ত। সকাল ৮ টা থেকে শুরু হয়ে প্রতিদিন ক্যাম্পেইন চলবে বিকেল ৪ টা পর্যন্ত। টিকা খাওয়াতে শিশুদেরকে ভরাপেটে নিয়ে আসতে হবে।
তবে ৬ মাসের কম বয়সী ও ৫ বছরের বেশি বয়সী শিশুকে এই টিকা খাওয়ানো যাবে না।




