
অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান ‘বইফেরী ডটকম’ তাদের দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২৩’।
এই আয়োজনে ‘সৃজনশীল’, ‘মননশীল’, ‘অনুবাদ’ ও ‘ইসলামিক’ বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি বইকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার সামাজিক অবদান হিসেবে ‘বইয়ের শহর’–কে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত হয়েছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠান।
‘বইফেরী ডটকম’–এর চেয়ারম্যান রাশেদুল আলমের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক।
বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, অতিরিক্ত কমিশনার (বাংলাদেশ কাস্টমস) ও গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক ও মনোবিদ মোহিত কামাল ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইফেরী ডটকমের টিম লিডার হাসানুল হক পায়েল।
সৃজনশীল ও মননশীল বিভাগে লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন মোশতাক আহমেদ, ইকবাল বাহার, লতিফুল ইসলাম শিবলী, ওয়াহিদ তুষার, গাজী মিজানুর রহমান, মুহম্মদ আনোয়ার হোসেন ফকির। ইসলামিক ও অনুবাদ বিভাগে পেয়েছেন আরিফ আজাদ, ডা. শামসুল আরেফীন, মিরাজ রহমান, অনীশ দাস অপু, প্রিতম মুজতাহিদ ও এ এস এম রাহাত। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া বইয়ের মধ্যে রয়েছে ‘একজন তারা মিয়া’, ‘লাভ ইট অর লিভ ইট’, ‘আমাদের ঠিকানা বদলে গেছে’, ‘বক্তৃতা দিতে শিখুন’, ‘পাসপোর্ট টু গ্রামার’। ইসলামিক ও অনুবাদ বিভাগে রয়েছে ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’, ‘রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ’, ‘ওপারেতে সর্বসুখ’, ‘হাউ টু টক টু এনিওয়ান’, ‘ডোপামিন ডিটক্স’, ‘মাস্টার ইয়োর ইমোশনস’। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া প্রকাশনীর মধ্যে রয়েছে আদর্শ, তাম্রলিপি, নালন্দা, কেন্দ্রবিন্দু, দাঁড়িকমা, অদম্য প্রকাশ। ইসলামিক বিভাগে রয়েছে সমকালীন প্রকাশন, সত্যায়ন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশনস।




