
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কানাডার বাংলাদেশ হাইকমিশনে একটি ‘গণশুনানি’ আয়োজন করা হয় এবং দিনব্যাপী ‘বিশেষ কনস্যুলার সেবা’ প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) কানাডার মন্ট্রিয়ল শহরে অনুষ্ঠিত গণশুনানিতে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলার সেবা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মতামত ও পরামর্শ এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হাইকমিশনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে প্রবাসী দিবসে মন্ট্রিয়ল শহরে বাংলাদেশি প্রবাসীদের জন্য এই বিশেষ কনস্যুলার সেবার আয়োজন করা হয় এবং সেবার মান বৃদ্ধি করতে গণশুনানির মাধ্যমে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
গণশুনানিতে প্রবাসী বাংলাদেশিরা জানান, মন্ট্রিয়ল শহরে দিন দিন প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। তাই শহরটিতে একটি কনস্যুলেট অফিস খুলতে হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন তারা। এসময় হাইকমিশনার মন্ট্রিয়লে কনস্যুলেট অফিস খোলার অনুরোধ যথাযথ প্রয়োজনীয়তা উল্লেখ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন বলে তাঁদেরকে আশ্বাস দেন।
উল্লেখ্য, মন্ট্রিয়লে বর্তমানে ৪০ হাজারেরও বেশি কানাডিয়ান-বাংলাদেশি বসবাস করছেন এবং শহরটিতে দিন দিন তাঁদের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে।




